রায়পুরে পাঁচ দিনে নয়টি গরুর মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচ দিনে নয়টি গরু মারা গেছে। গরুর মালিকদের ধারণা, কোরবানির ঈদ সামনে রেখে ব্যবসায়ীরা এসব গরুকে নিষিদ্ধ বড়ি খাইয়ে দ্রুত মোটাতাজা করেছিলেন।
স্থানীয় গরু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্যবসায়ীরা গরুকে মোটাতাজা করতে নিষিদ্ধ ভারতীয় পাম বড়ি খাওয়ান। এতে অল্প সময়ে গরু ফুলে-ফেঁপে প্রায় দ্বিগুণ হয়ে যায়। ঈদের বাজারে বেশি দাম পাওয়ার আশায় পশু ব্যবসায়ীরা এ কাজ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিনে নয়টি গরু মারা যায়। রোববার কোরবানির জন্য কেনা সোনাপুর গ্রামের সাইফুল ইসলামের একটি, সোমবার শায়েস্তানগর গ্রামের ইব্রাহিম মিয়ার একটি, বামনীর সফিক উল্যার একটি, ব্যবসার জন্য কেনা চর আবাবিলের মফিজ উল্যার দুটি, গাইয়ার চরের মো. বাবুল মিয়ার একটি এবং কেরোয়ার আবদুর রশিদের একটি গরু মারা যায়।
চরমোহনা গ্রামের গরু ব্যবসায়ী মো. সেলিম জানান, যশোর থেকে ১৫ দিন আগে ব্যবসার জন্য তিনি ১৯টি গরু আনেন। বৃহস্পতিবার রাতে দুটি গরু মারা যায়। গরুগুলো কিনে বাড়ি আনার পর বুঝতে পারেন, ওষুধ খাইয়ে গরুগুলোকে মোটাতাজা করা হয়েছে। মারা যাওয়া গরু দুটি খাবার কম খেত। নড়াচড়া করত না। সব সময় ঝিমাতো।
জানতে চাইলে রায়পুর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মোতালেব বলেন, ‘গরু মারা যাওয়ার বিষয়ে কেউ আমাকে জানায়নি। মোটাতাজা করা পশুকে হঠাৎ করে ওষুধ খাওয়ানো বন্ধ করা হলে যেকোনো মুহূর্তে এর মৃত্যু হতে পারে।’ তিনি আরও জানান, নিষিদ্ধ ওষুধ খাওয়ানোর ফলে পশুর যকৃৎ ও কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে পানি জমে। এই পানি স্বাভাবিকভাবে শরীর থেকে বের হতে না পেরে মাংসে সঞ্চারিত হয় এবং গরুর শরীর ফুলে যায়। এসব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় পশুগুলো রোগ প্রতিরোধক্ষমতাও হারিয়ে ফেলে।