লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যুবলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলায় তিনজন আহত হয়েছেন। গত মঙ্গলবার উপজেলার সোনাপুর ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত করার ঘটনায় বাসাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
উপজেলা যুবলীগের দলীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে উপজেলা যুবলীগ সোনাপুর ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত করে ফেসবুকে পোস্ট দেয়। বিষয়টি জানতে পেরে ওই ইউনিয়ন যুবলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন। গত মঙ্গলবার বিকেলে ওই ইউপির যুবলীগের সাবেক সভাপতি মো. আক্তারুজ্জামানের লোকজন ইউনিয়ন যুবলীগের সদস্য নুর নবীকে মারধর করেন। এ খবর পেয়ে নুর নবীর পক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। রাত ১০টার দিকে দুই পক্ষের নেতা-কর্মীরা দফায় দফায় বাসাবাড়ি বাজারে মহড়া দেন।
এ সময় রায়পুর-লক্ষ্মীপুর সড়কের উত্তর পাশে একটি বাড়ির সামনে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল চৌধুরী, নুর নবীসহ তাঁদের লোকজন অবস্থান নিলে আক্তারুজ্জামানের লোকজন উত্তেজিত হয়ে ওঠেন। পরে একপক্ষ হামলা চালালে অপর পক্ষও পাল্টা হামলা চালায়। এ সময় ভাঙচুর করা হয় ২০-২৫টি চেয়ার। এতে আক্তারুজ্জামান পক্ষের মো. স্বপন (২৩) ও মো. কামরুল ইসলাম (৩০) এবং নুর নবী (২৮) আহত হন। তাঁরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
যুবলীগের সোনাপুর ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি আক্তারুজ্জামান বলেন, তিন বছরের জন্য সোনাপুরের কমিটি করা হয়। কোনো বর্ধিত সভা না করেই উপজেলা যুবলীগ কমিটি বিলুপ্ত করে দিয়েছে। টাকার বিনিময়ে নতুন একটি কমিটিও ঘোষণা করা হয়েছে। অন্যায়ভাবে কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি গঠন করায় কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
এ বিষয়ে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল চৌধুরী বলেন, নিয়ম অনুযায়ী সোনাপুর ইউপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। টাকার বিনিময়ে কমিটি দেওয়ার অভিযোগ সঠিক নয়।
রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।