রায়পুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেনসহ সাত পুলিশ সদস্যও আহত হন।
উপজেলার উত্তর কেরোয়া গ্রামে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, দেলোয়ার অস্ত্র, ডাকাতিসহ ১৪টি মামলার আসামি। তবে দেলোয়ারের পরিবারের অভিযোগ, বাড়ির কাছের রাস্তা থেকে রোববার রাতে তাঁকে তুলে নিয়ে যায় সাদাপোশাকের একদল লোক। তাঁর বাড়ি উত্তর কেরোয়া গ্রামে।
ওসির ভাষ্যমতে, উত্তর কেরোয়া গ্রামে ডাকাতির প্রস্তুতি চলছে বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। এ খবরের ভিত্তিতে রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সেখানে অভিযানে যায় পুলিশ। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে দেলোয়ার নিহত হন।