রায়পুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ১
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. মুসলিম (৩৫) নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে একসহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ভোর চারটার দিকে রায়পুরের বামনি ইউনিয়নের সাইচা গ্রামে এ ঘটনা ঘটে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনের ভাষ্য, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ সাইচা গ্রামে অভিযান চালায়। এ সময় পাঁচ-ছয়জন ডাকাত সদস্য পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় মুসলিমকে গ্রেপ্তার করা হয়। একই সময় তাঁর সহযোগী শুকুর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যরা পালিয়ে যায়। মুসলিমকে লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি রায়পুর পৌরসভার দেনায়েতপুর গ্রামের সর্দার বাড়ি এলাকায়। ঘটনাস্থল থেকে তিনটি গুলিসহ একটি পিস্তল ও কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন মুসলিম দাবি করেন, তাঁকে গ্রেপ্তারের পর অস্ত্র ঠেকিয়ে বাম পায়ে গুলি করে পুলিশ।
মুসলিমের বাবা করিম সর্দার অভিযোগ করেন, পুলিশ তাঁর ছেলেকে সাইচা গ্রাম থেকে ধরে একটি সুপারির বাগানে নিয়ে গিয়ে গুলি করেছে।
ওসি লোকমান জানান, এ ঘটনায় আজ বুধবার দুপুরে রায়পুর থানায় পুলিশ মুসলিমকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে। মুসলিমের বিরুদ্ধে মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রায়পুর থানায় আটটি এবং শুকুর আলীর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে মুসলিমকে তিনটি মামলায় বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।