রায়পুরে প্রতিবন্ধী ধর্ষণের শিকার
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মানসিকপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) স্থানীয় এক যুবক (২৭) ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য বিচারের আশ্বাস দিলেও বিচার করেননি। এ কারণে কিশোরীর পরিবার গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগটি রায়পুর থানার ওসির কাছে পাঠানো হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর দক্ষিণ কেরোয়া গ্রামের এক যুবক ওই কিশোরীকে ধর্ষণ করেন। অচেতন অবস্থায় কিশোরীর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। এ ঘটনার বিচারের আশ্বাস দিয়ে কেরোয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য হোসেন আহাম্মদ টালবাহানা শুরু করেন। তিনি ধর্ষণের আলামত নষ্ট করার অপচেষ্টা চালান।
হোসেন আহাম্মদ বলেন, ‘আমার কাছে দুই পক্ষের লোকজনই এসেছে। আমি কিশোরীর পরিবারকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি। বিচারের নামে কালক্ষেপণ করে আলামত নষ্টের চেষ্টার অভিযোগ সত্য নয়।’