রায়পুরে বখাটেদের উৎপাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের বিপণিবিতানগুলোতে ঈদের কেনাকাটার জন্য আসা মেয়েরা বখাটে তরুণদের হাতে নিগৃহীত হচ্ছে। বখাটেরা মার্কেটে দলবদ্ধ দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করছে। এতে মেয়েরা কেনাকাটা করতে এসে বিব্রতকর অবস্থায় পড়ছে।
স্থানীয় এক স্কুলশিক্ষিকা গত শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁর মেয়েদের নিয়ে কেনাকাটার জন্য রায়পুর শহরের অন্যতম বিপণিবিতান গাজী মার্কেটে আসেন। মার্কেটের দ্বিতীয় তলায় ওঠার সময় চার-পাঁচজন ছেলে তাঁদের উত্ত্যক্ত করে। এ সময় তারা তাঁদের বলে, ‘আপারা অনেক স্মার্ট।’ এতে ওই শিক্ষিকা মেয়েদের নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েন। পরে তাঁরা কেনাকাটা না করে তড়িঘড়ি করে সেখান থেকে বের হয়ে যান।
ব্যবসায়ীরা জানান, রায়পুর শহরে কেনাকাটার জন্য পাশের ফরিদগঞ্জ, হাইমচর ও রামগঞ্জ উপজেলার লোকজনও আসে। সকাল থেকে রাত ১২টা পর্যন্ত চলে বেচাকেনা। বখাটেরা বিপণিবিতানগুলোর সামনে, ভেতরে ও গলির পাশে দলবদ্ধভাবে দাঁড়িয়ে আড্ডা দেয়। এ কারণে মেয়েরা ঈদের কেনাকাটার জন্য আসতে ভয় পাচ্ছে।
গাজী মার্কেটের চারজন ব্যবসায়ী জানান, থ্রিপিস ও শাড়ি কেনার ১১ তলার এ মার্কেটে প্রচুর মেয়ে আসে। কিন্তু ১০-১৫ দিন ধরে দেখা গেছে মার্কেটের ভবনে ওঠার সিঁড়িতে বখাটেরা দাঁড়িয়ে নানা ধরনের অশ্লীল কথাবার্তা বলছে। এতে মেয়েদের আসার হার দিন দিন কমে যাচ্ছে।
মিয়াজী মার্কেটের ব্যবসায়ী আয়াত উল্যা ক্ষোভ প্রকাশ করে বলেন, বখাটেদের উৎপাতে মেয়েরা স্বাভাবিকভাবে কেনাকাটা করতে পারছে না। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, শহরের মার্কেটগুলোতে পুলিশ টহলে রয়েছে। তারা মেয়েদের নিরাপত্তা দিচ্ছে ও বখাটেদের উৎপাত প্রতিরোধে কাজ করছে।