রায়পুরে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর শাখা ইসলামী ব্যাংক কর্মকর্তা নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে ব্যাংকের ১৮৬ জন গ্রাহকের নামে ভুয়া বিনিয়োগ ঋণ দেখিয়ে ৮ কোটি ৯৭ লাখ ১ হাজার ২১৯ টাকা উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। ব্যাংক থেকে গত বৃহস্পতিবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

নূর মোহাম্মদ ব্যাংকটির এসবিআইএস সুপারভাইজার এবং লক্ষ্মীপুরের কমলনগর থানার চরলরেঞ্চ গ্রামের সুজা মিয়ার ছেলে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ব্যাংকের ব্যবস্থাপক মাহবুবুল হক বাদী হয়ে রায়পুর থানায় মামলা করেন।

থানা-পুলিশ ও ব্যাংক সূত্র জানায়, নূর মোহাম্মদ ইসলামী ব্যাংকের রায়পুর শাখার এসবিআইএস সুপারভাইজার হিসেবে কর্মরত থেকে ১৮৬ জন গ্রাহকের নামে ভুয়া বিনিয়োগ ঋণ দেখিয়ে ওই পরিমাণ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। ব্যাংকের অডিট টিম ঘটনার সত্যতা পায়। কোনো গ্রাহক ঋণ গ্রহণ না করলেও তিনি ভুয়া ও জাল ভাউচার তৈরি করে ব্যাংক থেকে ঋণ অনুমোদন করে নিজেই আত্মসাৎ করেন।

রায়পুর থানার ওসি এ কে এম আজিজুর রহমান বলেন, এ ঘটনায় ওই ব্যাংকের ব্যবস্থাপক বাদী হয়ে রায়পুর থানায় মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মো. মশিউর রহমান বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।