রায়পুরে যুব ও ছাত্রদলের চার নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে যুবদল ও ছাত্রদলের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মো. রাছেল (২৮), ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ইকবাল বাহার (৪০), ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন (২৭) ও ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম জীবন (২১)। মঙ্গলবার সন্ধ্যায় ৬০ হাজার টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগে চাটখিল উপজেলার ভিমপুর গ্রামের সাইফুল ইসলাম বাদী হয়ে রায়পুর থানায় তাঁদের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে মোটরসাইকেল বিক্রির নাম করে সাইফুলকে চাটখিল থেকে রায়পুরের ফিশ হ্যাচারির সামনে ডেকে আনেন আসামিরা। পরে তাঁকে হ্যাচারির ভেতরে নির্জন স্থানে নিয়ে আটকে রাখা হয়। এ সময় তাঁরা তাঁকে পিটিয়ে ৬০ হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যান।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এমরান হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া রাছেল, ইকবাল বাহার, দেলোয়ার হোসেন ও নাজমুল আলম জীবন দলের ভাবমূর্তি নষ্ট করায় তাঁদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন দাবি করেন, চারজনকে আটক করে ছিনতাইয়ের ১৮ হাজার টাকা ও মুঠোফোনটি উদ্ধার করা হয়েছে। তাঁদের গতকাল বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।