রায়পুরে যুবলীগ-ছাত্রলীগের সড়ক অবরোধ, মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতা, নাশকতা ও পুলিশের মামলার আসামি জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন সড়কে গতকাল মঙ্গলবারও বিক্ষোভ মিছিল করেছেন ও মহড়া দিয়েছেন যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা। একই দাবিতে গত সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর-রায়পুর সড়ক এক ঘণ্টা অবরোধ করেন তাঁরা। এ সময় তাঁরা পৌরসভার বিভিন্ন সড়কে মহড়া দেন।
রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কামরুল হাছানের নেতৃত্বে সোমবার সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত লক্ষ্মীপুর-রায়পুর সড়ক অবরোধ করা হয়। এ সময় লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কে চলাচলকারী বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের শান্ত করে।
এদিকে আজ বুধবার বিকেলে যুবলীগ ও ছাত্রলীগ রায়পুর পৌরসভা ও ১০টি ইউনিয়নে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। মামলার আসামি শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেয় তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের মিতালী বাজারে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলামের দোকান শিবিরের কর্মীরা ভাঙচুর করেন। সোমবার দুপুরে উত্তর চর আবাবিল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কৌশিক আহমেদ হায়দরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে রায়পুর বাজারে আসছিলেন। ১০ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে পৌঁছালে ছাত্রশিবিরের ক্যাডাররা তাঁর ওপর হামলার চেষ্টা চালায়। পরে তিনি ফের হায়দরগঞ্জ থেকে বাবুরহাট সড়ক হয়ে রায়পুরে যাওয়ার পথে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলামের বাড়ির সামনের সড়কে পথ রোধ করে শিবিরের ক্যাডাররা। এ সময় তিনি পালিয়ে রক্ষা পান। এ খবর পেয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতা-কর্মী গতকাল বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত প্রধান সড়ক, সিনেমা হল সড়ক, মধ্যবাজার সড়কে মহড়া দেন।
উপজেলা যুবলীগের স্থগিত কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান বলেন, রায়পুর উপজেলার বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের ক্যাডাররা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। সড়কের পাশের সরকারি গাছ কাটা ও সড়ক কেটে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে। নির্বাচনের পর কিছুদিন তারা গা ঢাকা দিয়ে থাকলেও এখন প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে।
আরিফুর রহমান আরও বলেন, ‘বুধবার (আজ) বিকেলে যুবলীগ ও ছাত্রলীগ রায়পুর পৌরসভা ও ১০টি ইউনিয়নে বিক্ষোভ মিছিল করবে। মামলার আসামি শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
রায়পুর পৌর ছাত্রশিবিরের সভাপতি মো. পরান হোসেন বলেন, শিবিরের নেতা-কর্মীরা যুবলীগের কোনো নেতার ওপর হামলার চেষ্টা বা দোকানে ভাঙচুর করেননি। এটি তাঁদের দলীয় কোন্দল।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আকন্দ জামায়াত-শিবিরকে মদদ দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ মিতালী বাজারে অবস্থান নেয়। তাদের শান্ত করে অবরোধ তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।