রায়পুরে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুক দাবি করে না পেয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক গৃহবধূকে তাঁর স্বামী শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক চা-শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ।
রায়পুরে নিহত গৃহবধূর নাম জোসনা আক্তার (৩০)। তিনি রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামের আবদুর রশিদের স্ত্রী। কমলগঞ্জে শমশেরনগর চা-বাগানের শ্রমিক সজল বাউরীর (৩৮) লাশ উদ্ধার করা হয়েছে।
জোসনার বাবা দুলাল আখন অভিযোগ করেন, প্রায় ১৫ বছর আগে আবদুর রশিদের সঙ্গে তাঁর মেয়ে জোসনার বিয়ে হয়। তিন-চার বছর ধরে রশিদ ব্যবসার জন্য প্রায়ই টাকা এনে দিতে তাঁর মেয়ের ওপর চাপ সৃষ্টি করেন। কয়েকবার শারীরিক নির্যাতনও করেন। মেয়ের সুখের কথা চিন্তা করে কয়েক দফায় তিনি লক্ষাধিক টাকা দেন। গত সোমবার রাত ১১টার সময় রশিদ তাঁর মেয়েকে আরও টাকা এনে দিতে চাপ সৃষ্টি করেন। এতে মেয়ে প্রতিবাদ করলে তাঁকে রশিদ শ্বাসরোধে হত্যা করে বসতঘরের পাশে লাশ আমগাছে ঝুলিয়ে রাখেন।
হাজিমারা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. ইয়াহিয়া বলেন, জোসনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আবদুর রশিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শমশেরনগর চা-বাগান সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে আদমটিলা শ্রমিক বস্তির মৃত সুরেশ বাউরীর ছেলে চা-শ্রমিক সজল বাউরী (৩৮) ঘাস কাটতে চা-বাগানে প্ল্যান্টেশন এলাকায় প্রবেশ করেছিলেন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেনি। রাত ১২টা পর্যন্ত চা-বাগানের বিভিন্ন এলাকায় খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। গতকাল সকাল সোয়া ১০টায় চা-পাতা সংগ্রহ করতে গিয়ে শ্রমিকেরা শমশেরনগর চা-বাগানের লেক (হ্রদ)-সংলগ্ন একটি গাছের ডালে লাল রঙের গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় সজলের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক নাসির উদ্দীন বলেন, ময়নাতদন্তের জন্য সজলের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু করা হয়েছে।