রায়পুরে শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক শিশুকে (৫) ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চরবংশী ইউনিয়নের হাজীমারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল শুক্রবার সকালে নির্যাতনের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণের অভিযোগে শিশুটির মা বাদী হয়ে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে ওই তরুণের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে হাজীমারা এলাকার দরবেশবাড়ির সামনে খেলাধুলা করতে গেলে ওই তরুণ (১৮) শিশুটিকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে তাঁর ঘরে নিয়ে যান। সেখানে নিয়ে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটির চিৎকার শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে এলে ওই তরুণ পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা তরুণকে পুলিশ গতকাল দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।