রায়পুরে সাড়ে পাঁচ মাসে শতাধিক মোটরসাইকেল চুরি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গত সাড়ে পাঁচ মাসে শতাধিক মোটরসাইকেল চুরি হয়েছে। একটি চক্র চুরি করা এসব মোটরসাইকেল দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে এবং বিভিন্ন স্থানে চুরি হওয়া মোটরসাইকেল এখানে এনে কম দামে বিক্রি করে। অধিকাংশ চুরির ঘটনায় থানায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) হয়নি ।
২০ জানুয়ারি রায়পুর শহরের প্রধান সড়কে মোহাম্মদিয়া হোটেলের কাছ থেকে ব্যবসায়ী রুহুল আমিনের ও ৬ জানুয়ারি স্কুলশিক্ষক হারুনুর রশিদ ও প্রবাসী সাইফুল ইসলামের মোটরসাইকেল চুরি হয়। এর আগে গত ডিসেম্বরে চর বংশীর বালু ব্যবসায়ী আলম পাটোয়ারী, ডাচ্-বাংলা ব্যাংকের কর্মকর্তা তছলিম উদ্দিন, চরপাতা গ্রামের ফারুক হোসেন, বামনী গ্রামের জাকির হোসেন ও নভেম্বরে কেরোয়া গ্রামের ব্যবসায়ী মো. সবুজ মিয়ার মোটরসাইকেল রায়পুর বাজার থেকে চুরি হয়। এ ছাড়া গত বছরের আগস্ট থেকে চলতি বছরের ২০ জানুয়ারি পর্যন্ত সাড়ে পাঁচ মাসে রায়পুর পৌরসভার গিয়াস উদ্দিন, মহসিন মিয়া, মো. ইব্রাহিমেরসহ শতাধিক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়।
চোর চক্রের সঙ্গে জড়িত এক ব্যক্তির ঘনিষ্ঠজন জানান, চোরাই মোটরসাইকেল বিক্রির সময় তাঁরা নকল চাবি বানিয়ে রাখেন। ক্রেতা এটি কয়েক মাস চালান। এরপর সময়-সুযোগ বুঝে চক্রটি ওই চাবি দিয়ে এটি চুরি করে নিয়ে যায়। চক্রটি ভারত থেকে অবৈধভাবে এবং দেশের বিভিন্ন স্থান থেকে চুরি করে এনে এগুলো বিক্রি করে।
রায়পুর থানার একটি সূত্র জানায়, মোটরসাইকেল চুরি হলে অনেকেই পুলিশকে অবহিত করে না। তবে গত সাড়ে পাঁচ মাসে শতাধিক মোটরসাইকেল চুরি হয়। তা ছাড়া কোনটি আসল, কোনটি অবৈধ বা চোরাই, তা দেখে চেনার উপায় নেই। কয়েকজন ব্যক্তি চোরাই মোটরসাইকেলের ব্যবসার সঙ্গে জড়িত। দেশের বিভিন্ন স্থানে তাঁদের প্রতিনিধি রয়েছে। ওই সব প্রতিনিধি বিভিন্ন জেলা থেকে চুরি করে মোটরসাইকেল সড়কপথে রায়পুরে আনে। এখানে এনে ভুয়া কাগজপত্র তৈরি করে প্রতিটি মোটরসাইকেল ৮০-৯০ হাজার টাকায় বিক্রি করে।
তছলিম উদ্দিন জানান, তিনি গাজী মার্কেটের সামনে একটি ডিসকভারি মোটরসাইকেল রাখেন। আধা ঘণ্টা পর এসে দেখেন তা নেই। অনেক খোঁজাখুঁজির পরও আর পাওয়া যায়নি।
রুহুল আমিন বলেন, হোটেলে চা-নাশতা খেতে গেলে চোরেরা তালা ভেঙে তাঁর মোটরসাইকেলটি নিয়ে যায়।
আলম জানান, মোটরসাইকেল চুরি হলেও ঝক্কি-ঝামেলার কারণে থানায় তিনি জিডি করেননি।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজ মিয়া বলেন, চোরাই মোটরসাইকেল অনেক কম দামে পাওয়া যায়। চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক আখন্দ বলেন, গত ছয় মাসে মোটরসাইকেল চুরির ২০-২৫টি ঘটনায় জিডি হয়েছে। আর মোটরসাইকেল চুরি হলে অনেকেই পুলিশকে তা অবহিত করে না।