রায়ের বদলা নিতেই গণজাগরণ মঞ্চের সংগঠক জিয়াউদ্দিন হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির রায়ের বদলা নিতেই পরিকল্পিতভাবে বগুড়ার গণজাগরণ মঞ্চের সংগঠক জিয়া উদ্দিন জাকারিয়া ওরফে বাবুকে হত্যা করা হয়েছিল। সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রশিবিরের দুই নেতার নেতৃত্বে সংগঠনটির ১০ থেকে ১২ জন নেতা-কর্মী ওই হত্যাকাণ্ডে অংশ নেন। বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান আজ শনিবার তাঁর নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আলোচিত এই হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের সম্পর্কে আদ্যোপান্ত তুলে ধরেন। 

দুই বছর পর আলোচিত এই হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশকে তথ্য দিয়েছেন পুলিশের হাতে গ্রেপ্তার শিবিরকর্মী মাইনুর ইসলাম (২১), মহসিন আলী (২১) ও হাবিবুল্লাহ নাঈম (১৯)। এর মধ্যে মহসিন সরকারি আজিজুল হক কলেজের এবং হাবিবুল্লাহ ঢাকার একটি বেসরকারি কলেজের ছাত্র। আর মাইনুর ছাত্রশিবির পরিচালিত রেটিনা কোচিং সেন্টারের সাবেক নৈশপ্রহরী। শুক্রবার রাতে বগুড়া শহরের জামিলনগর, সবুজবাগ ও চকসূত্রাপুর এলাকায় আলাদা অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওই তিনজনকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, জিয়াউদ্দিন জাকারিয়া হত্যাকাণ্ডটি ওই সময়ে সারা দেশে তোলপাড় তোলে। প্রথম থেকেই ওই ঘটনার নেপথ্যে জামায়াত-শিবিরের জড়িত বলে সন্দেহ করা হয়। জামায়াত-শিবিরকে ইঙ্গিত করে গণমাধ্যমে সংবাদও ছাপা হয়। কিন্তু সে সময় জিয়াউদ্দিনের ছোট ভাই সামছুদ্দিন সোলায়মান অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। জামায়াত-শিবিরের প্রতি সন্দেহ রেখেই রেখেই এত দিন তদন্ত চলছিল। গোয়েন্দা দল সুনিশ্চিত হয়েই শুক্রবার দুই কলেজছাত্রসহ শিবিরের তিন কর্মীকে আটক করে। আটকের পর তাঁরা হত্যার কথা স্বীকার করেন।
২০১৩ সালের ৯ ডিসেম্বর রাত পৌনে নয়টার দিকে বগুড়ার গণজাগরণ মঞ্চের সংগঠক জিয়াউদ্দিন জাকারিয়াকে সদর থানা থেকে মাত্র ১০০ গজ দূরে ১ নম্বর রেলগেট এলাকায় কুপিয়ে হত্যা করা হয়।