রায়েরবাগে গৃহবধূ খুন
রাজধানীর রায়েরবাগে আনোয়ারা বেগম ওরফে মণি (৪৭) নামের এক গৃহবধূকে নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁর লাশ উদ্ধার করে কদমতলী থানার পুলিশ।
পুলিশ সন্ধ্যায় এই হত্যাকাণ্ডের খবর পায়। রাত ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। মর্গ সূত্র জানায়, নিহত গৃহবধূর শরীরে সাতটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
আনোয়ারা বেগমের স্বামী জয়নাল আবেদীনের হজ এজেন্সি রয়েছে। বর্তমানে তিনি সৌদি আরবে রয়েছেন। এই দম্পতির একমাত্র সন্তান সোহেল রানা যুক্তরাজ্য-প্রবাসী। রায়েরবাগের ছয়তলা বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাটে এই হত্যাকাণ্ড ঘটে। আনোয়ারা ওই ফ্ল্যাটে একাই থাকতেন। বাড়িটির মালিক নিহত আনোয়ারা ও তাঁর স্বামী।
হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কোনো ধারণা দিতে পারেনি পুলিশ। হত্যায় ব্যবহৃত অস্ত্রটিও পাওয়া যায়নি। তবে নিহত আনোয়ারার কয়েকজন প্রতিবেশী পুলিশকে জানিয়েছেন, মাগরিবের নামাজের সময় দুই ব্যক্তি আনোয়ারাদের ফ্ল্যাটে ঢুকেছেন। তাঁরা বয়সে ছিলেন তরুণ। তাঁদের একজনের কাঁধে ব্যাগ ছিল।
ওই বাড়ির তত্ত্বাবধায়ক খোকন ভান্ডারি জানান, মাগরিবের নামাজের আজান দিলে তিনি মসজিদে নামাজ পড়তে যান। ওই সময় বাড়িতে কেউ প্রবেশ করে থাকতে পারে।
আনোয়ারার ছোট ভাই নাজমুল হোসেন জানান, সকালেও ফোনে আনোয়ারার সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি হত্যার কারণ সম্পর্কে কোনো কিছু ধারণা করতে পারছেন না। কারও সঙ্গে তাঁর বোনের শত্রুতা বা দ্বন্দ্ব ছিল কি না, সে বিষয়েও তিনি জানেন না।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ওই বাসায় কিছু টাকা ও স্বর্ণালংকার পাওয়া গেছে। পুলিশের ধারণা, বাসা থেকে কিছু খোয়া যায়নি।