রিকশা জব্দ করায় নিজের শরীরে আগুন দিলেন চালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের অভিযানে শামীম শিকদার নামের এক চালকের ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়। এর পরপরই শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন শামীম। গতকাল শুক্রবার সকালে ঢাকার অদূরে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে।
শামীম শিকদারের (৩৫) বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ভাইজোড়া গ্রামে। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে আশুলিয়ার নরসিংহপুরে একটি ভাড়াবাড়িতে থাকতেন। তিনি বাইপাইল এলাকায় ব্যাটারিচালিত রিকশা চালাতেন। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আশুলিয়ার ট্রাফিক পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চালানো নিষেধ। তবু রিকশাচালকদের কেউ কেউ মহাসড়কে রিকশা চালান। গতকাল সকাল থেকেই মহাসড়কে এসব অবৈধ রিকশা চলাচল বন্ধে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করে এবং বেশ কয়েকটি রিকশা জব্দ করে। সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় শামীমের ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে ব্যাটারি খুলে নেওয়া হয়। এ সময় তাঁর রিকশা ও ব্যাটারি ফেরত দিতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের অনুরোধ করেন। কিন্তু ফেরত না পাওয়ায় তিনি সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর সেখানে এসে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। এ সময় স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। এর পরপরই তাঁকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের দায়িত্বশীল একটি সূত্র জানায়, ওই রিকশাচালকের শরীরের ২০-২৫ শতাংশ পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাইপাইল এলাকায় পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের কোনো কোনো সদস্য অটোরিকশা জব্দ করার পর উৎকোচ নিয়ে ছেড়ে দেন। এর আগেও শামীমের রিকশা জব্দ করা হয়েছিল। পরে টাকা নিয়ে পুলিশ তাঁর রিকশা ছেড়ে দেয়। কিন্তু ঈদের শেষে টাকা না থাকায় এবার উৎকোচ দিতে পারেননি শামীম।
ঘটনার সময় আশপাশের দায়িত্বে ছিলেন আশুলিয়া ট্রাফিক পুলিশের সার্জেন্ট আমিনুর রহমান। তিনি বলেন, গতকাল সকালে সেতুমন্ত্রীর নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শনে আসার কথা ছিল। এ কারণে এই মহাসড়কে তিন চাকার যান চলাচল ঠেকাতে দায়িত্ব পালন করা হয়। ঘটনাস্থলে দায়িত্বে থাকা ট্রাফিক কনস্টেবল ওই রিকশা জব্দ করেন। এ সময় তিনি ঘটনাস্থলের অদূরে যানজট নিরসনে কাজ করছিলেন। শরীরে আগুন ধরিয়ে দেওয়ার পরপরই তিনি ঘটনাস্থলে আসেন। এরপর তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন তিনি। পরে পুলিশের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, পুলিশের যে সদস্যরা রিকশাটি জব্দ করেছিলেন, তাঁরা শামীমের কাছে কোনো উৎকোচ দাবি করেননি।
এ বিষয়ে চেষ্টা করেও শামীম ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ট্রাফিক পুলিশের সাভার কার্যালয়ের পরিদর্শক আবুল হোসেন বলেন, পুলিশের পেশাগত দায়িত্ব পালনের সময় যদি কোনো চালক এ ধরনের কর্মকাণ্ড করেন, সেটা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক।