রিকশা থেকে নামিয়ে ধর্ষণের অভিযোগ
বরগুনার পাথরঘাটায় রিকশা থেকে নামিয়ে এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাকচিড়া-লেমুয়া সড়কের মুসুল্লী বাড়ি নামক এলাকার মাঠে এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বলেন, কাকচিড়া-লেমুয়া সড়কের মুসুল্লী বাড়িসংলগ্ন মাঠে সন্ধ্যার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন দৌড়ে ঘটনাস্থলে যান। তখন দুজন লোক পালিয়ে যায়। ওই নারী হাঁটতে হাঁটতে সড়কের ওপর থাকা ব্যাটারিচালিত রিকশাটিকে ধাক্কা দিয়েই অচেতন হয়ে পড়েন। পরে চেতনা ফিরলে তিনি লেমুয়া বাজারের দিকে চলে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রিকশাটিকে জব্দ করে।
কাকচিড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মণ্ডল বলেন, ওই নারীকে পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রিকশাচালকসহ তিনজন জড়িত বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর ওই নারীকে অনেক খোঁজাখুঁজির পরে লেমুয়া বাজার থেকে উদ্ধার করা হয়। তিনি পুলিশকে বলেন, ‘এক রিকশাচালক আমাকে কাকচিড়া বাজার থেকে নিয়ে আসে। পরে ঘটনাস্থলে নিয়ে এসে এক ব্যক্তি ধর্ষণ করে। অপর দুই ব্যক্তি তার সঙ্গে ছিল।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, ধর্ষণের শিকার ওই নারী থানায় অজ্ঞাতপরিচয় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।