রিকশা নিয়ে ঘোরে, সুযোগ পেলে ছিনতাই করে

একজন রিকশা চালান, দুজন বসেন যাত্রীবেশে। ঘুরে বেড়ান নগরে। সুযোগ বুঝে অন্য রিকশার যাত্রীদের মালামাল ছিনতাই করেন। মো. শফিক নামের এক ছিনতাইকারীকে গত শনিবার রাতে নগরের পতেঙ্গা থানার লালদিয়ারচর থেকে গ্রেপ্তারের পর এ তথ্য পায় পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, গত ২৫ মার্চ রাত ১০টার দিকে রিকশায় করে বাসায় ফেরার পথে মোতাহার উদ্দিন নামের এক ব্যক্তি নগরের সদরঘাট থানার আইস ফ্যাক্টরি এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। এই ঘটনায় তিনি থানায় মামলা করেন। এতে বলা হয়, ছয়জন মিলে তাঁর রিকশার গতিরোধ করেন। একজন রিকশায় ওঠেন এবং বাকিরা মোতাহারের রিকশাটিকে দুটি রিকশা দিয়ে ঘিরে রাখেন। ছুরির ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ৪০ হাজার টাকা, দুটি মুঠোফোন এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়।
এই মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ শফিককে গ্রেপ্তার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিক স্বীকার করেন, তাঁদের দলে ছয়জন রয়েছেন। এর মধে৵ দুজন রিকশাচালক। সন্ধ্যা সাতটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত তাঁরা ছিনতাই করেন রিকশায় চড়ে। রিকশায় দুজন করে মোট চারজন থাকে যাত্রীবেশে। ইতিমধ্যে তাঁরা নগরের সার্সন রোড, ফিরিঙ্গি বাজার, আইস ফ্যাক্টরি রোড, নেভাল অ্যাভিনিউসহ বিভিন্ন সড়কে ছিনতাই করেছেন। কখনো ছুরি আবার কখনো খেলনার পিস্তলের ভয় দেখান।
শফিক গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে তাঁর দলের অন্য সদস্যদের নামও বলেছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা শাহ মোহাম্মদ আবদুর রউফ।