
রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক কুনিও হোশিকে বহনকারী রিকশাচালক মুন্নাফ আলীকে আবারও থানায় আটকে রাখা হয়েছে। গত ৩১ অক্টোবর মাহিগঞ্জের সাতমাথা মোড়ের পাশেই পাটবাড়ি এলাকার বাড়ি থেকে মুন্নাফকে কাউনিয়া থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে একবার কোনো রকম আইনি ব্যাখ্যা ছাড়া টানা ১৬ দিন থানায় আটকে রাখা হয়েছিল তাঁকে।
থানা-পুলিশ গত বৃহস্পতিবার বলেছে, অপরাধীদের শনাক্ত করতে মুন্নাফকে থানা হেফাজতে রাখা হয়েছে।
এর আগে ৩ অক্টোবর সকালে হত্যাকাণ্ডের ঘটনার দিন থেকে গত ১৯ অক্টোবর পর্যন্ত মুন্নাফ আলীসহ চারজনকে পুলিশি হেফাজতে রাখা হয়। ১৯ অক্টোবর বিকেলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
গ্রেপ্তার ছাড়াই কাউকে এভাবে থানায় আটকে রাখা যায় কি না, সে বিষয়ে পুলিশ কোনো ব্যাখ্যা দিতে রাজি হয়নি।
গত বৃহস্পতিবার বিকেলে মুন্নাফের বাড়িতে গেলে তাঁর স্ত্রী রেখা বেগম প্রথম আলোকে বলেন, ‘গেল শনিবার (৩১ অক্টোবর) ওমাক (স্বামী) বাড়ি থাকিয়া পুলিশ ফির নিয়া গেইছে। আইজ (গতকাল) কাউনিয়া থানাত ওমাক দেইকপার গেছনু। ওমরা (স্বামী) কইল, মুই ভালো আচোং। আর পুলিশ হামাক কইছে, তোমার স্বামীর কোনো অসুবিধা হবার নয়।’
জানতে চাইলে রংপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল মালেক বলেন, আইনে আছে, কাউকে পুলিশি হেফাজতে কিংবা নিরাপত্তার জন্য রাখতে হলে আদালতের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিতে হবে।
মামলার তদন্ত কর্মকর্তা ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, নতুন কিছু জানা এবং নিরাপত্তার জন্য মুন্নাফকে থানায় এনে রাখা হয়েছে। তাঁর পরিবারকে সাহায্য-সহযোগিতাও করা হচ্ছে। কাউকে এভাবে থানায় রাখা যায় কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তাঁর নিরাপত্তার কথা বিবেচনা করেই থানায় এনে রেখেছি। এর বেশি কিছু বলা যাবে না।’
পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন করে এই মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। হত্যাকারীকে শনাক্ত করা যায়নি কিংবা দুর্বৃত্তদের ব্যবহৃত মোটরসাইকেলটিরও সন্ধান পাওয়া যায়নি।
কুনিও হত্যার পর থেকেই গ্রেপ্তারকৃত হিরার ছোট ভাই কামাল হোসেন নিখোঁজ রয়েছেন। পুলিশ বলছে, কামালকে খোঁজা হচ্ছে। কামালের মা হাসিনা বেগম তাঁর ছেলে নিখোঁজ বলে দাবি করে আসছেন।
কাউনিয়া থানা-পুলিশ জানায়, জাপানি নাগরিক কুনিও হত্যা মামলায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আসামি করা হয়েছে। এই দুজনের মধ্যে কুনিওর ব্যবসায়িক সহযোগী হুমায়ুন কবির ওরফে হিরা এবং মহানগর বিএনপির সদস্য রাশেদ-উন-নবী খান ওরফে বিপ্লব কারাগারে আছেন।
৩ অক্টোবর সকালে রংপুর শহরের উপকণ্ঠে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারি গ্রামে জাপানি নাগরিক কুনিও হোশি তাঁর খামারে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।