রিকশাচালককে গুলি, যুবলীগ নেতা গ্রেপ্তার
মহাখালীতে এক রিকশাচালককে গুলি করার ঘটনায় যুবলীগ নেতা ইউসুফ সরদার সোহেলকে লাইসেন্স করা পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া সোহেল গত বৃহস্পতিবার রাতে মহাখালীর আমতলী মোড়ে বনানী ২ নম্বর সড়কের মাথায় রিকশাচালক কবির হোসেনের পায়ে গুলি করেন বলে পুলিশ জানিয়েছে।
বনানী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, গুলশান থেকে সোহেল ও তাঁর এক সহযোগী রিকশা নিয়ে বনানীর ২ নম্বর রোডের মাথায় (আমতলী মোড়) আসেন। তাঁরা ভাড়া না দিয়ে রিকশা থেকে নেমে হাঁটতে শুরু করেন। চালক ভাড়া চাইলে তাঁরা প্রথমে তাঁকে চড়-থাপ্পড় মারেন। পরে রিকশাচালক কবিরের পায়ে গুলি করে চলে যান।
ওয়াহিদুজ্জামান বলেন, রাতেই সোহেল বনানী থানায় এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে জানান। আত্মরক্ষার্থে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে ছিনতাইকারীকে গুলি করেছেন জানিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে চান।