রিকশাচালককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলায় আসাদুল ইসলাম (৩৪) নামের এক রিকশাচালক খুন হয়েছেন। গতকাল রোববার শহরের ছোট যমুনা নদী পারাপারের ঘাট এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। আসাদুল শহরের চকবাড়িয়া গ্রামের বাসিন্দা।
আসাদুলের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আসাদুল গত শনিবার রাত আটটার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল সকালে শহরের পুরতান আদালত চত্বর এলাকায় ওই নদীর ঘাটে তাঁর লাশ দেখতে পান এলাকাবাসী। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে আসাদুলের পরিবারের সদস্যরা থানায় যান। সেখানে তাঁরা পরনের প্যান্ট, জামা ও পায়ের জুতা দেখে আসাদুলকে শনাক্ত করেন।
পুলিশ আরও জানায়, আসাদুলের মাথায় কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর মুখেও আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, আসাদুলকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে ওই স্থানে ফেলে রাখা হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, এ ঘটনায় আসাদুলের ভাই মজিবর রহমান বাদী হয়ে গতকাল একটি হত্যা মামলা করেছেন।