রিকশাচালককে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়ায় গত বুধবার রাতে সিরাজুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত সিরাজুল চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়ার দুর্লভপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় রিকশাচালক।
নিহত ব্যক্তির স্ত্রী হাসিনা আকতার অভিযোগ করেন, সিরাজুল ইসলাম তাঁর চাচা আমির উদ্দিন ও চাচাতো ভাই আবু বকর সিদ্দিকীর হাতে খুন হয়েছেন। এ ব্যাপারে চন্দনাইশ থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ৮টায় চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া কলেজ গেট-সংলগ্ন জালাল শাহের মাজারে পাশে সিরাজুলকে মারধর করা হয়। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত সিরাজুলকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান।
নিহত ব্যক্তির স্ত্রী হাসিনা আকতার বলেন, গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চাচা আমির উদ্দিন ও চাচাতো ভাই আবু বকর সিদ্দিকী তাঁকে বেদম মারধর করেন। এতে তাঁর মৃত্যু হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সিরাজুলকে কিলঘুষির পাশাপাশি ও লাঠি দিয়ে মারধর করা হয়। এতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।