রিকশাচালককে হত্যার কথা স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাসে দেড় মাস আগে ব্যাটারিচালিত রিকশাচালক বিল্লাল হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। তারা বলছে, মাত্র ১০০ টাকা ভাড়ার জন্য বিল্লাল খুন হন। এ ঘটনায় দুজনকে গত শনিবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন তিতাসের নোয়াগাঁও এলাকার নুরুজ্জামান ওরফে সুমন (২৭) ও দাউদকান্দি উপজেলার পেন্নাই গ্রামের বিল্লাল হোসেন (৫২)।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান বিল্লালকে খুনের কথা স্বীকার করেছেন। নুরুজ্জামান বলেন, গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে তিনি তিতাস উপজেলার বাতাকান্দি বাজার থেকে গাজীপুর গ্রামে আসা-যাওয়ার জন্য ১০০ টাকায় বিল্লালের রিকশা ভাড়া করেন। কিন্তু ফিরতে অনেক দেরি হওয়ায় বিল্লাল রাগারাগি করেন। ফেরার পথে বিল্লালকে গালমন্দ শুরু করেন নুরুজ্জামান। এ নিয়ে দুজনের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে নুরুজ্জামান একটি গাছের ডাল দিয়ে বিল্লালের কাঁধে উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মৃত ভেবে বিল্লালকে সড়কের পাশের ডোবায় ফেলে দিয়ে তাঁর রিকশা ও মুঠোফোন নিয়েপালিয়ে যান নুরুজ্জামান। ওই মুঠোফোনের অবস্থান শনাক্ত করার মাধ্যমে এ হত্যাররহস্য উন্মোচন করে পুলিশ।

নুরুজ্জামান পুলিশকে বলেছেন, তিনি নিজে রিকশাটি চালিয়ে পাশের দাউদকান্দি উপজেলার ইছাপুর গ্রামের বেসরকারি সংস্থা উদ্দীপনের কার্যালয়-সংলগ্ন খোলা মাঠে যান। ওই দিন তিনি সেখানে রিকশাটি ফেলে চলে আসেন। পরে ২৪ সেপ্টেম্বর রিকশাটির যন্ত্রাংশ খুলে গৌরীপুর মোড়ে অবস্থিত একটি দোকানে ৫ হাজার ৮৬০ টাকায় বিক্রি করেন।

ওসি বলেন, নুরুজ্জামানের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বিল্লালের দোকান থেকে রিকশাটির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করেছে। রিকশাচালক বিল্লালের লাশ উদ্ধার হয় ১৪ সেপ্টেম্বর। ওই দিনই তাঁর স্ত্রী শোকন বেগম তিতাস থানায় অজ্ঞাতনামা তিন-চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় নুরুজ্জামান ও বিল্লালকে গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।