রিকশাচালকদের ইজিবাইক ভাঙচুর সংঘর্ষে আহত ১০

যশোরে ব্যাটারিচালিত রিকশা ঈদুল ফিতর পর্যন্ত চালানোর সুযোগ চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে যান চালকেরা। ওই সুযোগ না দেওয়ায় গতকাল রোববার তাঁরা শহরের বিভিন্ন স্থানে ইজিবাইক ভাঙচুর করেন। এ সময় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকের চালকদের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
উভয় পক্ষের চালক ও পুলিশের সঙ্গে কথা বলা জানা গেছে, ১৯ মে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায় ঝুঁকিপূর্ণ ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই রিকশা চলাচল বন্ধের জন্য শহরে মাইকে প্রচার চালানো হয়। প্রশাসনের ওই সিদ্ধান্ত বাতিলের দাবিতে রিকশাচালকেরা শহরের দড়াটানা ভৈরব চত্বরে কয়েক দফা বিক্ষোভ ও সমাবেশ করেন। এর মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধে অভিযান শুরু করে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) থেকে শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়া হচ্ছে না।