রিকশাচালকদের কাছে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গরিব রিকশা-ভ্যানচালকদের কষ্টের উপার্জনের ওপর সরকারদলীয় লোকজনের চাঁদাবাজির অভিযোগ উঠেছে।
এসব অসহায় মানুষ বিভিন্ন জায়গায় ধরনা দিয়েছেন। সমাবেশ করেছেন। এরপরও চাঁদাবাজি বন্ধ না হওয়ায় গত রোববার শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা রিকশা-ভ্যানশ্রমিক ইউনিয়নের সড়কবিষয়ক সম্পাদক ও উপজেলার বানাইল মহল্লার জহুরুল ইসলামের ছেলে আবদুর রাজ্জাক এই অভিযোগ দেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগপত্রে অবৈধভাবে চাঁদা আদায়ের জন্য উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আবদুল মান্নান, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল জলিল, শিবগঞ্জ থানা যুবলীগের সভাপতি আবদুস ছাত্তার, সহসভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খ ম শামীমসহ ১১ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা উপজেলার বিভিন্ন জায়গায় সন্ত্রাসী-চাঁদাবাজদের দিয়ে অসহায় রিকশাচালকদের নির্যাতন করে অবৈধ রিকশা শ্রমিক-মালিক সমিতিতে ভর্তি করাচ্ছেন। এ জন্য জনপ্রতি এককালীন ১ হাজার ১০০ টাকা ও প্রতিদিন স্লিপের মাধ্যমে ১৫ টাকা আদায় করছেন। এসব সন্ত্রাসীর ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেন না। তাই চাঁদাবাজি বন্ধে পুলিশের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
উপজেলার সাত-আটজন রিকশাচালক ও রিকশা-ভ্যানচালক বলেন, এই অগ্নিমূল্যের বাজারে তাঁরা সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করে যে টাকা উপার্জন করেন, সেখান থেকে প্রতিদিন অভিযুক্তদের মদদে একটি চক্র জোর করে টাকা আদায় করছে। এ টাকা চাওয়ামাত্র দিতে না চাইলে নির্যাতন পর্যন্ত করা হচ্ছে। প্রায় এক মাস হচ্ছে এমন অরাজক পরিস্থিতি চলছে।
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আবদুল মান্নান বলেন, ‘আমি এবং আমার দলের কেউ এই চাঁদাবাজির সঙ্গে জড়িত নই। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য আমাদের জড়ানো হয়েছে।’
শিবগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আবদুস ছাত্তার বলেন, ‘যুবলীগের কোনো সদস্য রিকশা-ভ্যানশ্রমিকদের কাছ থেকে কোনো চাঁদা আদায়ের সঙ্গে জড়িত নেই। বরং আমরা এর বিরোধিতা করি। আমরা চাই প্রকৃত চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা যেন নেয়।’