রিকশাচালকের ঘুষিতে আরেক চালকের মৃত্যুর অভিযোগ
রাজধানীর কামরাঙ্গীরচরে এক রিকশাচালকের ঘুষিতে মোহাম্মদ নবী (৩২) নামের অপর এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ সোমবার বেলা ১১টার দিকে নুরুজ্জামান (৩৫) নামের এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত নবী সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কালিপুরহাতী গ্রামের আবদুল মোতালেবের ছেলে। নুরুজ্জামানের বাড়ি একই উপজেলার চানপুর গ্রামে।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসিন আলম প্রথম আলোকে বলেন, নবীর কাছে নুরুজ্জামানের এক হাজার টাকা পাওনা ছিল। গতকাল রাতে নুরুজ্জামান পাওনা টাকা চাইলে নবী পুরো টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় নুরুজ্জামান ক্ষিপ্ত হয়ে নবীর বুকে একটি ঘুষি মারেন। এতে নবী অচেতন হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটনায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা নবীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযান চালিয়ে আজ সকালে নুরুজ্জামানকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে ৩০২ ধারায় কামরাঙ্গীরচর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।
ওসি শেখ মুহসিন আলম বলেন, লাশ ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।