রিকশাচোর চক্রের ছয় সদস্য আটক
চট্টগ্রাম নগরের একাধিক স্থানে অভিযান চালিয়ে রিকশাচোর চক্রের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাতটি চোরাই রিকশা উদ্ধার করা হয়েছে। গত বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার ভোর পর্যন্ত এ অভিযান চলে।
আটক ব্যক্তিরা হলো মো. মানিক, মো. জামাল, মো. বাবুল ওরফে সাহেব বাবুল, জাকির হোসেন, মো. শাকিল ও মো. জয়নাল। তাদের মধ্যে মো. বাবুল ও মো. জয়নাল দুটি আলাদা চক্রের প্রধান।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মঈনউদ্দীন প্রথম আলোকে জানান, ফিশারিঘাট মাছ বাজারের প্রধান প্রবেশপথের ওপর চোরাই রিকশা বেচাকেনা চলছে—এমন সংবাদ পেয়ে বুধবার বিকেল চারটায় পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে দুটি চোরাই রিকশাসহ চারজন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
এসআই জানান, ওই চারজনের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার দিবাগত রাত তিনটার দিকে আকবর শাহ এলাকা থেকে আরও দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তথ্য নিয়ে ভোর চারটার দিকে জাহাঙ্গীর নামের একজনের গ্যারেজ থেকে আরও পাঁচটি রিকশা উদ্ধার করা হয়।