সিলেট নগরের শাহজালাল উপশহর মোড় থেকে রিকশাযোগে জিন্দাবাজার এলাকায় এসেছেন ব্যবসায়ী শওকত হোসেন। রিকশাচালক তাঁর কাছে ভাড়া দাবি করেন ৩০ টাকা। শওকত জানান, এ দূরত্বের ভাড়া সর্বোচ্চ ১৫ টাকা। এ নিয়ে যাত্রী ও চালকের মধ্যে মিনিট দশেক বাগ্বিতণ্ডা হয়। যাত্রী ও চালকের বচসার কারণে একসময় পথচারীরাও জড়ো হতে থাকেন।
অবশেষে লজ্জায় ৩০ টাকা দিয়েই স্থান ত্যাগ করেন শওকত। গত বৃহস্পতিবার বিকেলের দৃশ্য এটি। এ রকম পরিস্থিতি সব সময় ঘটছে জানিয়ে ক্ষুব্ধ শওকত হোসেন জানান, দীর্ঘদিন ধরে নগরবাসী সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে দূরত্ব অনুযায়ী রিকশাভাড়া নির্ধারণ করে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। এটি না হওয়ায় রিকশাচালকেরা যাত্রীদের জিম্মি করে ফেলছেন।
নগরে চলাচলে গণপরিবহননির্ভর নাগরিকের অনেকে জানান, সিলেট নগর প্রবাসী-অধ্যুষিত হওয়ায় রিকশাচালকেরা কোনো নির্দিষ্ট নিয়মানুযায়ী ভাড়া আদায় করছেন না। যে যেভাবে পারেন, সেভাবেই যাত্রীদের কাছে ভাড়া দাবি করছেন। যে দূরত্বে ১০ টাকা ভাড়া হওয়ার কথা, সেই নির্দিষ্ট স্থানে অনেক সময় চালকেরা দ্বিগুণ ভাড়া দাবি করে বসেন। এতে প্রায়ই চালক-যাত্রীর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা ঘটছে।
নগরের বিলপার এলাকার বাসিন্দা তৈয়বুর রহমান জানান, রিকশাচালকেরা সকাল, দুপুর, রাত—এই সময়ের অজুহাত দেখিয়ে অতিরিক্ত ভাড়া দাবি করেন। বৃষ্টি বা রোদের সময়ও একই কথা জানিয়ে নির্দিষ্ট ভাড়ার পরও অতিরিক্ত টাকা দাবি করেন।
সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের একাধিক কর্মকর্তা এবং নগরবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, চারটি কারণে সিলেট নগরে রিকশা ভাড়া অসহনীয় মাত্রায় পৌঁছেছে। কারণগুলো হচ্ছে, নগরে অসংখ্য প্রবাসী পরিবারের বসবাস, ব্যয়বহুল জীবনযাপন, ভাঙাচোরা রাস্তাঘাট এবং সম্প্রতি ব্যাটারিচালিত ‘ইজিবাইক’ বন্ধ করে দেওয়া।
বন্দরবাজার-টিলাগড়, বন্দরবাজার-আম্বরখানা, সিটি পয়েন্ট-কাজলশাহ, আম্বরখানা-এয়ারপোর্ট, আম্বরখানা-টিলাগড়, বন্দরবাজার-নতুন পুলসহ নগরের একাধিক পথে অসংখ্য ‘ইজিবাইক’ চলাচল করত। যানবাহন মাত্রাতিরিক্ত থাকায় কম খরচে অনায়াসেই নগরবাসী নির্দিষ্ট গন্তব্যে যাতায়াত করতে পারতেন। যানজট নিরসনে গত ১ জুলাই মহানগর পুলিশ এসব ‘ইজিবাইক’ নগরের সড়কগুলোতে চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। যানবাহন-স্বল্পতার এ সুযোগ নিয়ে রিকশাচালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
হাওলাদারপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী প্রশান্ত তালুকদার বলেন, ‘নগরে অবৈধ ‘ইজিবাইক’ চলাচল করুক এটা যেমন নগরবাসী চান না, তেমনি এ সুযোগে রিকশাচালকেরা যাত্রীদের অনেকটা জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করুক—সেটাও দেখতে চাই না। আর এ জন্যই আমরা সাধারণ নগরবাসী চাইছি সিটি করপোরেশন যেন এ দিকটায় নজর দিয়ে কার্যকর ব্যবস্থা নেয়।’
টিলাগড় এলাকার স্কুলশিক্ষক স্বপ্না রায় বলেন, ‘নগরে অনেক উচ্চবিত্ত পরিবারের লোকজন বাস করেন। তাঁরা অনেকে বাড়িতে গাড়ি রেখেও রিকশায় চলাচল করেন। তাঁরা প্রয়োজনের চেয়েও বেশি টাকা রিকশাচালকদের দেন। এতে রিকশাচালকেরা অতিরিক্ত ভাড়া না পেলে যাত্রী বহন করতে চান না। এ অবস্থায় আমরা যারা মধ্যবিত্ত রয়েছি, তারা খুবই সমস্যার মধ্যে রয়েছি। লাগামহীন ভাড়া বাড়ার খেসারত দিতে হচ্ছে আমাদের।’ বালুচর এলাকার রিকশাচালক ইদ্রিস মিয়া বলেন, ‘সব সময় তো বলাইয়া (অতিরিক্ত) ভাড়া নিই না। বৃষ্টিবাদলা, রইদ থাকলে বলাইয়া ভাড়া নিই।’
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব চালকদের ইচ্ছানুযায়ী রিকশাভাড়া বাড়ানোর বিষয়টি স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘দূরত্ব অনুযায়ী রিকশাভাড়া নির্ধারণের একটি সিদ্ধান্ত সম্প্রতি আমরা গ্রহণ করেছি। শিগগিরই সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হবে। সেই কমিটির সিদ্ধান্তে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’