পঙ্খিরাজ দখল করে স্থাপনা কাজ হচ্ছে না নোটিশ দিয়েও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ঐতিহ্যবাহী পঙ্খিরাজ খাল দখল করে বেশ কিছু স্থাপনা নির্মাণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন দখলদারদের নোটিশ দিলেও কোনো কাজ হচ্ছে না।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈশা খাঁর আমলের পঙ্খিরাজ খালটি দিয়ে একসময় বড় বড় নৌকা-ট্রলার চলাচল করত। এ খাল দিয়ে সোনারগাঁ পৌরসভা ও সনমান্দি ইউনিয়নের বাসিন্দারা নৌপথে বর্ষা মৌসুমে মালামাল আনা-নেওয়া করতেন। পৌরসভার অধিকাংশ গ্রামের পানি নিষ্কািশত হতো এ খাল দিয়ে। চার কিলোমিটার দৈর্ঘ্যের খালটির পুরো অংশজুড়ে দুই পাশে দখলদারেরা পাকা স্থাপনা ও সীমানাপ্রাচীর নির্মাণ করে দখলে নিয়েছেন।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, খালের দুই পাশে স্থাপনা ও সীমানাপ্রাচীর নির্মাণ করেছেন ৬০ জনের বেশি ব্যক্তি। খালটি বর্তমানে দখল হওয়ার কারণে পানিনিষ্কাশন ঠিকমতো হচ্ছে না। এ কারণে বর্ষায় এলাকাবাসীর দুর্ভোগ পোহাতে হয়।
ষোলপাড়া গ্রামের বাসিন্দা আলী মিয়া বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সীমানাপ্রাচীরের পাশের এ খালটি দখল হয়ে গেছে। অথচ দখলদারদের শুধু নোটিশ দিয়েই দায়িত্ব সেরেছে প্রশাসন। খালটি দখলমুক্ত করতে গ্রামবাসী ছয় বছর ধরে প্রশাসনকে স্মারকলিপি দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। তবে কাজ হচ্ছে না। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালটির দুই পাশে উচ্ছেদ অভিযান চালিয়ে এটিকে দখলমুক্ত করা হয়েছিল। পরে আবার দখল হয়ে যায়।
সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান বলেন, খালটি দখল হয়ে যাওয়ায় মানুষের দুর্ভোগের শেষ নেই। মানুষকে জলাবদ্ধতার সমস্যায় পড়তে হচ্ছে।
ইউএনও আবু নাছের ভূঞা বলেন, ‘খালটির দুই পাশের অবৈধ দখলদারদের কয়েক দফা নোটিশ দেওয়া হয়েছে। তবে তাঁরা প্রশাসনের আদেশ মানছেন না। আমরা তাঁদের উচ্ছেদ করে খালটি দখলমুক্ত করব।’