যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা সন্দেহ করছেন উত্তর কোরিয়ার আদেশেই ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার সরানো হয়। সম্মিলিত আন্তর্জাতিক সাইবার অপরাধ সংগঠিত করতে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে উত্তর কোরিয়া এই সাইবার হামলা চালিয়েছিল বলে ধারণা করছেন তদন্তকারীরা।
এর আগে রিজার্ভ চুরিতে উত্তর কোরিয়ার হ্যাকারদের দায়ী করেছিল মার্কিন গোয়েন্দারা।
তদন্তে দেখা গেছে, ২০১৪ সালের সনির হলিউড স্টুডিও এবং ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে কম্পিউটার সিস্টেমে একই ধরনের ম্যালওয়্যার কোড ব্যবহার করা হয়েছে। এ ছাড়া উত্তর কোরিয়ার এই হ্যাকাররা পোল্যান্ডের ব্যাংকে সাইবার হামলার সঙ্গেও জড়িত। আজ সোমবার যুক্তরাজ্যের দৈনিক দ্য টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) উপপরিচালক রিক লেজেট। সাইবার তৎপরতা ও নজরদারিতে জড়িত যুক্তরাষ্ট্রের এ সংস্থাটি। সম্প্রতি এক গোলটেবিলে রিক লেজেট নিশ্চিত করেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির পেছনে উত্তর কোরিয়ার কম্পিউটার হ্যাকার জড়িত ছিল।
আসপেন ইনস্টিটিউটের আলোচনায় রিক লেজেট আরও বলেন, ২০১৪ সালের সনির হলিউড স্টুডিও ও বাংলাদেশ উভয় ঘটনায় পিয়ংইয়ংয়ের জড়িত থাকার খোঁজ পেয়েছে যুক্তরাষ্ট্রের সরকার। তাঁর মতে, যদি সনির স্টুডিও থেকে বাংলাদেশ ব্যাংকের চুরির ঘটনায় উত্তর কোরিয়া জড়িত থাকার তথ্য সত্যি হয়, তাহলে প্রমাণ হচ্ছে একটি রাষ্ট্র ব্যাংক ডাকাতিতে জড়িত। এটা একটা বড় ঘটনা।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ আনা হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। তদন্তকারীরা বলছেন, দক্ষ হ্যাকাররা নিজেদের পরিচয় গোপনের জন্য ভিন্ন জায়গা থেকে কার্যক্রম চালায়। এ জন্য দায়ী বিশেষ কাউকে খুঁজে বের করা খুবই কঠিন।
গত বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার চলে যায় ফিলিপাইনে, আর দুই কোটি ডলার যায় শ্রীলঙ্কায়। এ অর্থের কিছু অংশ ফেরত এসেছে।
২০১৪ সালে সেই হ্যাকিংয়ের কারণে সনি পিকচারস এন্টারটেইনমেন্ট স্টুডিও ওয়েব থেকে বন্ধ হয়ে গিয়েছিল। সেই হ্যাকিং অনলাইনে মুক্তির অপেক্ষমাণ ছবি এবং ই-মেইলের কিছু তারকার বিব্রতকর ছবি প্রকাশ করে দেয়।