রিজার্ভের টাকা চুরিতে দায়ীদের গ্রেপ্তারের দাবি
হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের যারা জড়িত তাদের গ্রেপ্তার করতে হবে। এ ঘটনায় গভর্নরের পদ থেকে শুধু আতিউর রহমানের পদত্যাগ যথেষ্ট নয়, এই ঘটনার দায় নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকেও পদত্যাগ করতে হবে। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এসব দাবি জানিয়ে মানববন্ধন করে জাতীয় মুক্তি কাউন্সিল।
সংগঠনের নেতারা বলেন, আতিউর রহমানের পদত্যাগই যথেষ্ট নয়। এর দায় সরকারকেও নিতে হবে। এই পদত্যাগের সঙ্গে সঙ্গে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদের গ্রেপ্তার করতে হবে।
গভর্নর কেন এই চুরির ঘটনা এত দিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে জানায়নি এ নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। বক্তারা বলেন, টাকা চুরির ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এটি যদি ফিলিপাইনের পত্রিকায় প্রকাশিত না হতো তাহলে সেটি চাপা দেওয়া হতো। এই চুরিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও জড়িত আছে বলে মানববন্ধন থেকে দাবি করা হয়।
বক্তারা আরও বলেন, এ ঘটনার মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা কতটা দুর্বল তা প্রকাশ পেয়েছে। সরকারকে এই চুরির ঘটনা ধামাচাপা না দিয়ে গুরুত্বের সঙ্গে অপরাধীদের খুঁজে বের করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, কেন্দ্রীয় নেতা মাইকেল চাকমা, ফারুক আহম্মেদ প্রমুখ।