
ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনকে (আরসিবিসি) ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার জরিমানা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার গত ফেব্রুয়ারিতে চুরি করে হ্যাকাররা আরসিবিসিতে পাঠিয়েছিল। এ ক্ষেত্রে ব্যাংকটির দোষ প্রমাণিত হওয়ায় গতকাল শুক্রবার তাদের জরিমানার ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক।
ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির কোনো ব্যাংককে এর আগে এত বেশি পরিমাণ (১০০ কোটি পেসো) জরিমানা করা হয়নি। পৃথক বিবৃতিতে আরসিবিসি বলেছে, তারা এক বছরে দুই কিস্তিতে এই জরিমানা পরিশোধ করবে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধিদল ফিলিপাইনে এ বিষয়ে কাজ করছে জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান প্রথম আলোকে বলেন, ‘আরসিবিসিকে জরিমানা করায় তাদের দোষ প্রমাণিত হয়ে গেছে। ফলে আমাদের জন্য টাকা দাবি করা ও আনা সহজ হয়ে গেল। তবে মামলা করে গতানুগতিক প্রক্রিয়ায় অর্থ আনাটা সময়সাপেক্ষ ব্যাপার। দোষী প্রমাণিত হওয়ায় এখন চাপ প্রয়োগ করে টাকা আনতে হবে, তাহলেই সহজ হবে।’
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আরসিবিসিকে জরিমানা করা বাংলাদেশের জন্য একটা ভালো খবর। এর ফলে বাংলাদেশের দাবিগুলো যৌক্তিক হলো। তবে এ প্রক্রিয়াটা সময়সাপেক্ষ। এ জন্য আইনের পাশাপাশি চাপ দিয়ে টাকা উদ্ধারের দিকে যেতে হবে। সে দেশের কেন্দ্রীয় ব্যাংক ও আরসিবিসিকে এখন বিভিন্ন মাধ্যমে চাপ প্রয়োগ ও বোঝাতে হবে। তাহলেই বাকি অর্থ উদ্ধার করা সম্ভব।’
এদিকে ম্যানিলায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ বলেছেন, চুরি যাওয়া অর্থ উদ্ধার করে বাংলাদেশকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। গোমেজ গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ৮ কোটি ১০ লাখ ডলার ফিরে পাওয়ার বিষয়ে খুবই আশাবাদী। কারণ, প্রেসিডেন্ট আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন।’
ওই অর্থ উদ্ধারের প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের একটি দল বর্তমানে ম্যানিলায় রয়েছে। দলের সদস্যরা বলেছেন, প্রায় দেড় কোটি ডলার উদ্ধারের কাছাকাছি পর্যায়ে রয়েছেন তাঁরা।
এদিকে, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক জরিমানা করার আগে গতকাল আরসিবিসি তাদের বিরুদ্ধে মামলা করতে বাংলাদেশ ব্যাংককে চ্যালেঞ্জ জানায়। এ প্রসঙ্গে আবু হেনা মোহা. রাজী হাসান প্রথম আলোকে বলেন, ‘আমরা নিশ্চিত এ টাকা পাব। সেপ্টেম্বরে সে দেশের আদালতে এটা নিষ্পত্তি হয়ে যাবে। এরপরই টাকা দেশে আসবে।’
ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে অজ্ঞাত হ্যাকাররা গত ফেব্রুয়ারিতে ওই অর্থ চুরি করে। তারা প্রায় ১০০ কোটি ডলার চুরির চেষ্টা করেছিল। চোরাই অর্থের মধ্যে ১ কোটি ৮০ লাখ ডলার ফিলিপাইনে জব্দ করা হয়েছে। বাংলাদেশ সেটা উদ্ধারের চেষ্টা করছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আরসিবিসির ভুলের কারণেই বাকি অর্থ ক্যাসিনো ব্যবসায়ীরা গায়েব করে দিয়েছেন।
তবে আরসিবিসি বলেছে, ফিলিপাইনের যা করার ছিল, সেটা তারা করেছে। আর এই অর্থ স্থানান্তর হয়েছিল নির্ভরযোগ্য নির্দেশনা অনুযায়ী। অর্থ লেনদেনের নির্দেশনা পাঠানোর মাধ্যম সুইফটকে ব্যবহার করে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি করেছে।
আরসিবিসি এক বিবৃতিতে জানায়, সংবাদমাধ্যম এবং ফিলিপাইনের বিভিন্ন সরকারি সংস্থায় যাওয়ার পরিবর্তে আদালতে যাওয়াটাই বাংলাদেশের জন্য সঠিক হবে। আরসিবিসি এ রকম উদ্যোগকে স্বাগত জানাবে। কারণ, ওই অর্থের কোনো অংশ আরসিবিসিতে রাখা নেই। আর এ জন্য সরকারের ওপর চাপ বাড়ানোর পরিবর্তে বাংলাদেশ ব্যাংককে অবশ্যই সঠিক আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।