রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে সই জালিয়াতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বানারীপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে জাসদ (আম্বিয়া-প্রধান) মনোনীত প্রার্থী টিপু সুলতান রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে সই জালিয়াতির অভিযোগ করেছেন। টিপু বলেন, তাঁর সই জাল করে রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন প্রত্যাহারের আবেদনের ঘটনা সাজিয়েছেন।
আগামী ৬ মার্চ বরিশালের বানারীপাড়া ও গৌরনদী উপজেলার পরিষদের চেয়ারম্যানের শূন্য পদে উপনির্বাচন হবে। গত রোববার রাতে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন টিপু।
লিখিত বক্তব্যে টিপু বলেন, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে তিনি জাসদ (আম্বিয়া-প্রধান) মনোনীত প্রার্থী। গত রোববার প্রতীক বরাদ্দের দিন সকালে তিনি রিটার্নিং কর্মকর্তা আরিফুল হকের কাছে যান। দুপুর পর্যন্ত তাঁকে বসিয়ে রেখে প্রতীক বরাদ্দ দিতে নানা টালবাহানা করেন রিটার্নিং কর্মকর্তা। পরে বিকেল চারটায় তাঁকে আবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যেতে বলা হয়।
বেলা সাড়ে তিনটায় কার্যালয়ে গিয়ে তিনি দেখেন, রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক তাঁর কক্ষে নেই। পরে তিনি নোটিশ বোর্ডে একটি নোটিশ টাঙানো দেখেন। যেখানে লেখা ছিল, তিনি (টিপু সুলতান) গত শনিবার পারিবারিক সমস্যার কারণে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন। ওই আবেদন রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুল হক গ্রহণ করেছেন।
টিপু সুলতান বলেন, তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। রিটার্নিং কর্মকর্তা তাঁর সই জালিয়াতি করে মনোনয়ন প্রত্যাহার দেখিয়েছেন। এই কর্মকাণ্ডে নির্বাচন কমিশনের (ইসি) ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যার দায়-দায়িত্ব ইসিকেই নিতে হবে। তিনি এর বিরুদ্ধে আইনি লড়াই করবেন বলে জানান।
এ বিষয়ে গতকাল সোমবার বিকেল পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা আরিফুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তিনি ফোন ধরেননি।
সংবাদ সম্মেলনে জাসদের (আম্বিয়া-প্রধান) যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, গত সংসদ নির্বাচনে জাসদের একাংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান পঞ্চগড়ে এবং রেজাউল করিম তানসেন বগুড়া থেকে মশাল প্রতীকে সাংসদ হয়েছেন। অন্যদিকে, জাসদের অন্য অংশের নেতা হাসানুল হক ইনু ও শিরীন আখতার জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে সাংসদ হন।