রিভলবার নিয়ে কৌতূহল, প্রাণ গেল কলেজছাত্রের
পাবনা জেলা শহরের রাধানগর নারায়ণপুর এলাকায় এক আওয়ামী লীগ নেতার লাইসেন্স করা রিভলবার তাঁর গাড়িচালক অন্যদের দেখাতে গিয়ে গুলিতে মারা গেছেন মাসুদুর রহমান (২৪) নামের এক কলেজছাত্র। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।
মাসুদুর পাবনার এডওয়ার্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি পাবনা সদর উপজেলায়। ঘটনার পর পুলিশ ওই চালককে আটক ও রিভলবারটি জব্দ করে। এ ঘটনায় মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, রোববার পাবনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হামিদ তাঁর লাইসেন্স করা রিভলবারটি ব্যক্তিগত গাড়ির মধ্যে রেখে বাড়ির পাশের মসজিদে যান। এ সময় তাঁর গাড়িচালক শাকিল মিয়া রিভলবারটি আবদুল হামিদের বাড়ির নিচে থাকা একটি ছাত্রাবাসের ছাত্রদের দেখাতে যান। কৌতূহলবশত কয়েকজন ছাত্র সেটি নিয়ে টানাহ্যাঁচড়া শুরু করলে ট্রিগারে চাপ লেগে গুলি বের হয়ে মাসুদুরের বুকে লাগে।