রিমান্ড মঞ্জুর হওয়ার পর হাতকড়াসহ আসামির পলায়ন
মোটরসাইকেল চুরির একটি মামলায় রিমান্ড মঞ্জুর হওয়ার পর পুলিশের হাত থেকে পালিয়েছেন এক আসামি। তাঁর নাম মো. নাছির।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সতাটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ তাঁকে ধরতে পারেনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ারা থানায় দায়ের করা মোটরসাইকেল চুরির একটি মামলায় রিমান্ড শুনানির জন্য নাছিরকে আজ দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুপুরে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সার শুনানি শেষে আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আসামিকে নতুন আদালত ভবনের নিচতলায় হাজতখানায় নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তা না করে দায়িত্বে থাকা পুলিশের দুজন কনস্টেবল আসামিকে পাশের একটি দোকানে বসিয়ে কথা বলার সুযোগ দেন। এ সুযোগে হাতকড়া নিয়ে পালিয়ে যান নাছির। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পায়নি পুলিশ। নাছিরের বিরুদ্ধে আনোয়ারা থানায় আটটি মামলা রয়েছে। চুরিসহ তাঁর বিরুদ্ধে অস্ত্র মামলাও রয়েছে।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, দুই পুলিশ কনস্টেবলের দায়িত্ব পালনে গাফিলতি থাকায় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলা হয়েছে। পলাতক নাছিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।