রিমান্ড শেষে কারাগারে ভোলা 'মিলেছে' গুরুত্বপূর্ণ তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলার আসামি এহতেশামুল হক ওরফে ভোলা জিজ্ঞাসাবাদের সময় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই শুরু হয়েছে।

ভোলাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর গতকাল মঙ্গলবার আদালতে জমা দেওয়া প্রতিবেদনে এ কথা উল্লেখ করেছেন মামলার তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান।

রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর গতকাল ভোলাকে চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালতে হাজির করা হয়। পরে আদালত ভোলাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে জমা দেওয়া প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গত রোববার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ভোলাকে নগরের লালদীঘি এলাকার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়। দুই দিনের রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করা হয়েছে। আলোচিত এই হত্যা মামলায় ব্যবহৃত অস্ত্র সম্পর্কে আসামি ভোলার কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাওয়া গেছে। এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আসামি একজন পেশাদার অপরাধী।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, মাহমুদা হত্যা মামলার আসামি ভোলাকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, রিমান্ডে ভোলার কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে। এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় মাহমুদাকে। গত বছরের ২৭ জুন এই মামলায় গ্রেপ্তার মো. ওয়াসিম ও আনোয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা বলেন, কামরুল শিকদার ওরফে মুছার নেতৃত্বে হত্যাকাণ্ডে তাঁরা সাত-আটজন অংশ নেন। অস্ত্র সরবরাহ করেন ভোলা। পরে ভোলা ও তাঁর সহযোগী মো. মনিরকে গ্রেপ্তার করা হয়।