টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় দরজি নিখিল চন্দ্র জোয়ারদার হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে ছয় দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফিজুর রহমান বলেন, গত ৩০ এপ্রিল নিখিল চন্দ্র খুন হওয়ার পর আলমনগর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও দৈনিক ইনকিলাব পত্রিকার গোপালপুর প্রতিনিধি আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম এবং স্থানীয় বিএনপির কর্মী ঝন্টু মিয়াকে আটক করা হয়। নিখিলের স্ত্রীর দায়ের করা হত্যা মামলা এবং পুলিশের করা অস্ত্র ও বিস্ফোরক মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে ২ মে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়। আদালত দুটি মামলায় তিন দিন করে প্রত্যেককে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল রিমান্ড শেষে টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে তাঁদের হাজির করা হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম অঞ্জন কান্তি দাস তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
৩০ এপ্রিল গোপালপুরের ডুবাইল গ্রামে নিখিল চন্দ্র জোয়ারদারকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। ধর্ম-সংক্রান্ত বিষয় নিয়ে কটূক্তির অভিযোগে তাঁর বিরুদ্ধে ২০১২ সালে মামলা হয়েছিল।