রিমান্ড শেষে মেয়রের ভাই ও গাড়িচালক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিম হত্যা মামলায় পৌর মেয়র হালিমুল হক মিরুর ভাই হাবিবুল হক মিন্টু ও তাঁর গাড়িচালক শাহীন আলমকে পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। পাঁচ দিনের রিমান্ড শেষে আজ সোমবার তাঁদের শাহজাদপুর উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মো. হাসিবুল হক এ নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ১৫ ফেব্রুয়ারি এ দুই আসামির রিমান্ড মঞ্জুর করেন আদালত। পাঁচ দিন রিমান্ড শেষ হওয়ায় আজ সোমবার দুজনকে আদালতে হাজির করা হয়। বিচারক তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

২ ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় খবর সংগ্রহ করতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হন সমকাল পত্রিকার স্থানীয় প্রতিনিধি আবদুল হাকিম। পরদিন ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। ওই ঘটনায় হাকিমের স্ত্রী নুরুন্নাহার খাতুন বাদী হয়ে পৌর মেয়র হালিমুল হক ও তাঁর ভাই হাবিবুল হকসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করেন।

এর আগে গতকাল রোববার এই মামলার আসামি মেয়র হালিমুল হকসহ আরও ছয়জনের পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।