রিমান্ডের আসামির লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা হাজতের শৌচাগারের ভেতর থেকে পুলিশের রিমান্ডে থাকা মাহফুজ আলম ওরফে মাসুদ রানা (২৭) নামের এক আসামির ঝুলন্ত লাশ গতকাল বুধবার উদ্ধার করা হয়েছে। নাচোল থানার পুলিশ বলছে, এটি আত্মহত্যা।
তবে মাহফুজের বড় ভাই শাহিনুল ইসলাম বলেন, ‘আমার ভাইকে পুলিশ নির্যাতন করে হত্যা করেছে। এ ঘটনা ধামাচাপা দিতে পুলিশ আত্মহত্যার নাটক সাজিয়েছে। এ ঘটনায় আদালতে মামলা করব। আমি এর বিচার বিভাগীয় তদন্ত এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি চাই।’
মাহফুজ নওগাঁর বদলগাছীর জগদীশপুর গ্রামের আবু বাক্কারের ছেলে। ভুয়া সনদ দেখিয়ে চিকিৎসক সেজে ভুল চিকিৎসায় রোগী মেরে ফেলার অভিযোগে তাঁকেগ্রেপ্তার করা হয়েছিল। তাঁর মৃত্যুর ঘটনায় পুলিশ সুপারের (এসপি) নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নাচোল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মাহফুজকে জিজ্ঞাসাবাদ করার জন্য দুই দিনের রিমান্ডে নিয়ে মঙ্গলবার বিকেলে থানায় আনা হয়। গতকাল ও আজ বৃহস্পতিবার ছিল রিমান্ডের নির্ধারিত দিন। গতকাল বেলা সোয়া একটার দিকে অনেকক্ষণ হয়ে গেলেও তিনি শৌচাগার থেকে বের হচ্ছিলেন না। কর্তব্যরত কনস্টেবল চাঞ্চেরুল ইসলাম ডাকাডাকি করে সাড়া না পেয়ে বিষয়টি কর্তব্যরত কর্মকর্তা এএসআই শামসুল হককে জানান। বেলা তিনটার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের, ইউএনও মোহাম্মাদ নাজমুল হক, পৌর মেয়র আবদুর রশিদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকদের খবর দিয়ে এনে মিস্ত্রি দিয়ে শৌচাগারের দরজা ভাঙা হয়। পরে পুলিশ ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে।
ওসি আরও বলেন, মাহফুজ শৌচাগারের চৌকাঠের ওপর ফোকরের সঙ্গে পরনের প্যান্ট ছিঁড়ে বেঁধে দরজার ছিটকিনি লাগান। এরপর প্যান্টের এক প্রান্তের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান কাদের মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
থানার পুলিশ সূত্রে জানা যায়, ১৭ জুলাই সন্ধ্যায় নাচোলের বাইপুর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে ও সপ্তম শ্রেণির ছাত্রী নাহিদা খাতুনকে পেটে ব্যথার সমস্যা নিয়ে জননী ক্লিনিকে ভর্তি করা হয়। নাহিদার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বলে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহফুজ আলম। পরিবারের সম্মতি নিয়ে রাতেই নাহিদার অস্ত্রোপচার করেন মাহফুজ। এরপর অবস্থার অবনতি হলে ১৯ জুলাই নাহিদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন মাহফুজসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন নাসির উদ্দিন। এর পরিপ্রেক্ষিতে ওই রাতেই মাহফুজকে ক্লিনিক থেকে গ্রেপ্তার করা হয়।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা থানার এসআই আবদুল বারিক বলেন, মাহফুজ পরিচয় গোপন করে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কর্মরত সরকারি চিকিৎসক মাসুদ রানার এমবিবিএস পাসের সনদপত্র জাল করে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা করেছিলেন।