রিয়াজ রহমানকে গুলি, গাড়িতে আগুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুলি করেছে দুর্বৃত্তরা। এছাড়া তাঁর গাড়িতে আগুন দেওয়া হয়। গুলিবিদ্ধ রিয়াজ রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফেরার সময় গুলশানের হোটেল ওয়েস্টিনের পাশে রিয়াজ রহমানের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতালের চিকিৎসক ফাউয়াজ শুভ তাৎক্ষণিক প্রথম আলোকে জানান, রিয়াজ রহমানের পায়ে দুটি এবং কোমরের নিচে দুটি গুলি লেগেছে। তাঁর প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে।

ঘটনস্থল থেকে আমাদের প্রতিবেদক জানান, খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফেরার সময় গুলশানের হোটেল ওয়েস্টিনের পাশে বিলকিস টাওয়ারের সামনে যেখানে দুর্বৃত্তরা রিয়াজ রহমানের গাড়িতে আগুন দিয়েছে, ওই জায়গা ঘিরে রেখেছেন র্যাবের সদস্যরা। ঘটনাস্থলে রক্তের দাগ দেখা যায়।
টিটু দাস নামের এক ব্যক্তি নিজেকে ঘটনার প্রত্যক্ষদর্শী দাবি করে রিয়াজ রহমানের গাড়িতে গুলি ও আগুন লাগানোর ঘটনার বর্ণনা দেন। টিটু দাসের ভাষ্য, ‘সাড়ে আটটার দিকে গাড়িটির পেছনে তিনটা মোটরসাইকেলে আটজন যুবক আসছিল। গাড়িটি বিলকিস টাওয়ারের সামনে আসামাত্র মোটরসাইকেলগুলো দিয়ে গাড়িটিকে আটকানো হয়। এরপর তারা গ্লাস ভাঙে ও আগুন ধরিয়ে দেয়। আমরা গুলির শব্দ শুনেছি। এর মধ্যেই একজনকে হামাগুড়ি দিয়ে বের হতে দেখে আমরা কয়েকজন তাঁকে টেনে তুলি।’