রিয়াজ রহমানের ওপর হামলায় মামলা নেই

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুলি করে আহত করার ঘটনায় আজ বুধবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনো মামলা হয়নি।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত কাউকে আটকও করা যায়নি।
গতকাল মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে গুলশানের ওয়েস্টিন হোটেলের পাশে ৪৬ নম্বর সড়কে গুলিবিদ্ধ হন রিয়াজ রহমান। দুর্বৃত্তরা তাঁর গাড়িও জ্বালিয়ে দেয়। তিনি বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করে ফিরছিলেন।
রিয়াজ রহমান বর্তমানে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন। হাসপাতালের চিকিৎসক ফাউয়াজ শুভ প্রথম আলোকে জানান, রিয়াজ রহমানের পায়ে দুটি এবং কোমরে দুটি গুলি লেগেছে। প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে।
সাবেক প্রতিমন্ত্রী রিয়াজ গুলিবিদ্ধ
রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে অবরোধের মধ্যেই কাল বৃহস্পতিবার সারা দেশে সকাল থেকে ২৪ ঘণ্টার হরতাল দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। গতকাল রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বরাত দিয়ে দলটির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দলের চেয়ারপারসন খালেদা জিয়া এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
২০-দলীয় জোটের টানা অবরোধ শুরুর পর গত কয়েক দিনে দলটির কয়েকজন নেতার বাসা ও চেম্বারে গুলি ও বোমা হামলা হয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। কারা এসব করছে, পুলিশ তা বলতে পারছে না। পুলিশ বাদী হয়ে এ ধরনের পাঁচটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।