রিয়াদ হত্যাকাণ্ডে ছাত্রলীগের সভাপতি সুব্রত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈমুল ইসলাম ওরফে রিয়াদ হত্যা মামলার আসামি ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে সুব্রত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলে রিয়াদের সহপাঠীরা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দ্বন্দ্বে গত ১৪ জুলাই পরিবেশ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রিয়াদকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় রিয়াদের মামা রফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আসামিদের মধ্যে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলসহ ছয় নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস ও সাধারণ সম্পাদক এস এম শামীম হাসানের নাম রয়েছে।

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুব্রত বিশ্বাস ও শামীম হাসানকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে। সেই থেকে তাঁরা ক্যাম্পাসে ঢুকতে পারেননি। পুলিশের খাতায় তাঁদের পলাতক দেখানো আছে।
হত্যাকাণ্ডের চার মাসে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পরে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়।

নিহত রিয়াদের বাবা কাজী মনিরুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, পুলিশ ও সিআইডি মামলার আসামি গ্রেপ্তারের ব্যাপারে একেবারে উদাসীন। আসামিরা প্রকাশ্যে ঘুরছে এবং ফোনে আমাদেরকে ভয় দেখাচ্ছে। বিষয়টি সিআইডির তদন্ত কর্মকর্তাকে জানালেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। শেষ পর্যন্ত জনগণকে আসামি ধরে দিতে হচ্ছে। ক্যাম্পাস থেকে আসামি আনার ক্ষেত্রেও পুলিশ ও সিআইডির মধ্যে ঠেলাঠেলি ছিল বলেও তিনি অভিযোগ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক প্রথম আলোকে বলেন, ওই ছাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গেলে সাধারণ ছাত্ররা তাঁকে ঘেরাও করেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে তাঁকে হলের প্রভোস্টের কক্ষে নিয়ে আটকে রাখা হয়। পুলিশে খবর দিলে সিআইডি ও পুলিশ যৌথভাবে ক্যাম্পাসে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।