রিসার খুনিকে ১ সেপ্টেম্বরের মধ্যে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ সময়ের অবরোধের ফলে কাকরাইলসহ আশপাশের সড়কে প্রচণ্ড যানজট দেখা যায়।। ছবি: সাজিদ হোসেন
দীর্ঘ সময়ের অবরোধের ফলে কাকরাইলসহ আশপাশের সড়কে প্রচণ্ড যানজট দেখা যায়।। ছবি: সাজিদ হোসেন

রাজধানীর কাকরাইলে বখাটের ছুরিকাঘাতে নিহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিসার (১৪) হত্যাকারীকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে গ্রেপ্তারের জন্য সময় বেঁধে দিয়েছে তার সহপাঠীরা। পুলিশ গতকাল সোমবার রিসার সন্দেহভাজন খুনি ওবায়দুলকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিল।

তবে এরই মধ্যে ওবায়দুলকে না পেয়ে তাঁর বোন ও ভগ্নিপতিকে দিনাজপুরের বীরগঞ্জ থেকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান নেয়। এ সময় তারা হত্যাকারীকে গ্রেপ্তার করে শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। প্রায় চার ঘণ্টা পর বেলা সোয়া তিনটার দিকে তারা অবরোধ তুলে নেয়। দীর্ঘ সময়ের এ অবরোধের কারণে কাকরাইলসহ আশপাশের সড়কে প্রচণ্ড যানজট দেখা যায়। রিসার মৃত্যুর পর প্রতিদিনই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তার সহপাঠীরা।

আজকের অবরোধ শেষে শিক্ষার্থীরা হত্যাকারীকে গ্রেপ্তারে সময় বেঁধে দেওয়ার পাশাপাশি কর্মসূচিও ঘোষণা করা হয়। সে অনুযায়ী আগামীকাল বুধবার নিজেদের স্কুলে দোয়া ও শোকসভা এবং ১ সেপ্টেম্বর সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় তারা।

মাস ছয়েক আগে স্কুলের ড্রেস বানাতে রিসা মায়ের সঙ্গে গিয়েছিল দরজির কাছে। সেই দরজি ফোন নম্বর পেয়ে উত্ত্যক্ত করত তাকে এবং পিছু নেয় তার। মৃত্যুর আগে রিসা বলে গেছে, ওই দরজি ওবায়দুলই ছুরি মেরেছে তাকে। পুলিশকেও সে এই জবানবন্দি দিয়েছে।

পুলিশ জানায়, রিসা গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে জবানবন্দিতে বলেছে, বখাটে ওবায়দুল তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে। হামলার আগের দিনও সে তার পিছু নিয়েছিল।

রিসা হত্যার ঘটনায় ওবায়দুল রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি যেন পালাতে না পারেন, সে জন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে পুলিশ।

রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার এই চিঠি পাঠানো হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওবায়দুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওবায়দুলকে ধরতে তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জে অভিযান চালানো হয়েছিল। হত্যার পর সেখানে তিনি অবস্থান করেছিলেন। কিন্তু গণমাধ্যমে ছবি প্রকাশিত হলে তিনি পালিয়ে যান।

আরও পড়ুন: