চট্টগ্রামের আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজে রুটিন অনুযায়ী ক্লাস না হওয়ায় বিক্ষোভ ও ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা অধ্যক্ষকে কিছুক্ষণ অবরোধ করে রাখেন। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা রুটিন অনুসারে ক্লাস না হওয়ায় অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। ওই সময় শিক্ষার্থীরা অধ্যক্ষকে ঘণ্টা খানেক অবরোধ করে রাখেন এবং কয়েকটি চেয়ার ও টেবিল ভাঙচুর করেন।
শিক্ষার্থীদের ভাষ্যমতে, তিন সপ্তাহ আগে প্রথম বর্ষের রুটিন দেওয়া হলেও সেখানে কোন ক্লাস কে নেবেন, তা উল্লেখ করা হয়নি। ফলে, প্রথম ক্লাসের পর শিক্ষকেরা আর ক্লাসে যান না। বিষয়টি অধ্যক্ষকে জানানো হলেও তিনি কোনো সুরাহা না করায় তাঁরা আন্দোলনে নেমেছেন।
কলেজের শিক্ষার্থী আনোয়ারুল ইসলাম বলল, ‘রুটিন অনুসারে ক্লাস না হওয়ায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই বিক্ষোভ হয়েছে।
এতে বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।’
কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন শিক্ষার্থীদের বিক্ষোভের কথা স্বীকার করে বলেন, শিক্ষকস্বল্পতার কারণে সমস্যা হচ্ছে। সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।