রুপার প্রলেপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার রুপার প্রলেপ দেওয়া সোনার স্কেল উদ্ধার করা হয়েছে। এক কেজি সোনার ওই স্কেলসহ শহিদুল ইসলাম (৩৬) নামের এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানায়, সকাল পৌনে নয়টার দিকে দুবাই থেকে একটি ফ্লাইটে ঢাকা আসেন শহিদুল। তাঁর গতিবিধি সন্দেহজনক হওয়ায় গ্রিন চ্যানেল এলাকায় তাঁকে তল্লাশি করে ল্যাপটপের ব্যাগ থেকে সোনার স্কেলটি উদ্ধার করা হয়। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে। চলতি বছর তিনি ১৭ বার দুবাইয়ে গেছেন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেন, উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। শহিদুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক|
গ্রেপ্তারি পরোয়ানা
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা পৃথক চারটি মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী এই আদেশ দেন। এসব মামলায় গতকাল লতিফ সিদ্দিকীকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল। কিন্তু তিনি ধার্য তারিখে হাজির না হওয়ায় আদালত পরোয়ানা জারি করলেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|