রুপার মুদ্রা উদ্ধার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রায় আড়াই শ বছরের পুরোনো একটি দুর্গামন্দিরের সংস্কারকাজের সময় ৯৪টি রৌপ্য মুদ্রা উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে গত মঙ্গলবার রাতে পাটগাতি গ্রামের চিত্ত রঞ্জন মণ্ডলের বাড়ি থেকে ওই মুদ্রাগুলো উদ্ধার করে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংস্কারকাজের অংশ হিসেবে মঙ্গলবার পাটগাতি গ্রামের পূর্বপাড়া মণ্ডল বাড়ির দুর্গামন্দিরের মাটি খননের কাজ চলছিল। বেলা ১১টার দিকে একটি পিতলের কলসিতে ভরা অবস্থায় রুপার ওই মুদ্রাগুলো পাওয়া যায়। পরে মুদ্রাগু লো চিত্ত রঞ্জন মণ্ডলের বাড়িতে রাখা হয়। পুলিশ খবর পেয়ে মঙ্গলবার রাতে চিত্ত মণ্ডলের বাড়িতে অভিযান চালিয়ে মুদ্রাগুলো জব্দ করে। চিত্ত রঞ্জন মণ্ডল জানান, প্রতিটি মুদ্রা এক ভরি ওজনের এবং এগুলোর গায়ে ১৮৩২ থেকে ১৮৩৮ পর্যন্ত বিভিন্ন সাল লেখা রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ওসি মাহমুদুল হক বলেন, উদ্ধার হওয়া রুপার মুদ্রাগুলো প্রত্নতত্ত্বসম্পদের আওতায় পড়ে বলেই জব্দ করা হয়েছে। মুদ্রাগুলো পরীক্ষা করার পর জাদুঘরে হস্তান্তর করা হবে।