রুপালি জীবন রক্তে লাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভাবের তাড়নায় অনেক ছোট বয়সেই বড় মেয়েটাকে অন্যের বাসায় গৃহকর্মীর কাজে দিয়েছিলেন কৃষিশ্রমিক হোসেন আলী। গৃহকর্তা কথা দিয়েছিলেন মেয়েটাকে শিখিয়ে-পড়িয়ে বিয়ে দেবেন, জীবন গড়ে দেবেন। কথা রেখেছিলেন। রুপালি বেগম (১৮) নামে মেয়েটার বিয়ে দিয়েছিলেন। কিন্তু সাত দিন না কাটতেই রক্তে লাল হয়ে শেষ হলো রুপালির জীবন।
সোমবার দিনাজপুরের বোচাগঞ্জে গৃহকর্তা পীর ফরহাদ হোসেন চৌধুরীর সঙ্গে রুপালিকেও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
রুপালি ছোটবেলা থেকেই ফরহাদ হোসেন চৌধুরীর দিনাজপুর শহরের বাসায় কাজ করতেন। ফরহাদ হোসেন পীর হওয়ার পরে রুপালি ও তাঁর পরিবারও তাঁর মুরিদ হয়।
গতকাল সন্ধ্যায় বোচাগঞ্জের পাবনা পাড়ায় রুপালিদের বাড়ি গিয়ে দেখা যায়, রুপালির বাবা হোসেন আলী ও মা ফাতেমা বেগমকে ঘিরে ধরে আছেন অনেক মানুষ। শোকে পাথরপ্রায় এই দম্পতি।
হোসেন আলী জানান, তাঁর তিন মেয়ে ও এক ছেলের মধ্যে রুপালি সবার বড়। অভাবের তাড়নায় বড় মেয়েটাকে দিনাজপুর শহরে ফরহাদ হোসেনের বাসায় গৃহকর্মীর কাজে দেন। তিনি কথা দিয়েছিলেন মেয়েটাকে বড় করে বিয়ে দেবেন। গত বৃহস্পতিবার ফরহাদের মুরিদ রাজশাহীর শফিকুল ইসলামের সঙ্গে রুপালির বিয়ে হয়। দরবারেই তাঁদের বাসরঘর সাজানো হয়। নবদম্পতি ওখানেই কয়েক দিন ছিলেন।
গতকাল দরবারে গিয়ে দেখা যায়, রুপালিদের জন্য সাজানো বাসরঘরটি এখনো সেভাবেই আছে। পাশের স্টোররুমেই তখনো পড়ে রয়েছে রুপালির ছোপ ছোপ রক্তের দাগ।
ফরহাদের প্রতিবেশী ও মুরিদ আলম চৌধুরী বলেন, মেয়েটাকে ছোট্ট থেকে মানুষ করেছেন ফরহাদ হোসেন চৌধুরী। মূলত তাঁর দিনাজপুরের বাসায় কাজ করতেন। ফরহাদ চৌধুরী দরবারে এলে রান্নাবান্নার জন্য রুপালিকেও নিয়ে আসতেন।
ফরহাদের মুরিদ খুশি বেগম বলেন, মুরিদেরা সবাই নিজেদের ভাইবোন বলে পরিচয় দেন। তাঁদের বোন রুপালির বিয়েতে তাঁরা অনেক আনন্দ করেছেন। এখানেই তাঁদের বিয়ে হয়। ফরহাদ নিজে খরচ করে গরিব মেয়েটির বিয়ে দেন। কিন্তু...বলে আঁচল চাপা দিয়ে কাঁদতে থাকেন খুশি বেগম।