রুপি জব্দের ঘটনায় মামলা, পাঁচ আসামি কারাগারে
চট্টগ্রাম বন্দরে পৌনে তিন কোটি ভারতীয় রুপি জব্দ করার ঘটনায় আজ মঙ্গলবার বন্দর থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা বিধান কুমার সরকার বাদি হয়ে বন্দর থানায় এ মামলাটি করেন।
এদিকে, এই ঘটনা খতিয়ে দেখতে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হোসেইন আহমেদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। কমিটির অপর দুই সদস্য হলেন অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন ও সহকারী পরিচালক সৈয়দ মোকাদ্দেস হোসেন। অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান আজ সন্ধ্যায় প্রথম আলোকে জানান, কমিটিকে ২৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, ‘কাস্টমস আইন, অর্থ পাচার আইন, চোরাচালান সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ধারায় এই মামলা হয়। মামলার ছয় আসামি হলেন পণ্য খালাসকারী সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ফ্লাশ ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আবু শাহাদাৎ মোহাম্মদ সায়েম ওরফে শামীম, ব্যবস্থাপনা পরিচালক আসাদ উল্লাহ, ব্যবসায়িক অংশীদার আহাম্মদ উল্লাহ তালুকদার, মো. ছাবের, পণ্যের চালান আমদানিকারক শাহেদুজ্জামান ও তার ভাই তোহিদুল আলম।
আসামিদের মধ্যে শাহেদুজ্জামান ছাড়া অন্য পাঁচজনকে গত সোমবার আটক করেছিল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। মামলা হওয়ার পর আটক পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়। তাদেরকে আজই আদালতে পাঠানো হয়। এই পণ্যের চালানটি এনেছেন চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা শাহেদুজ্জামান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।
জানা গেছে, আটকদের মধ্যে আসাদ উল্লাহর বাবা মোবারক হোসেন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, ‘বন্দর থানার মামলার পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আগামী রোববার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে। পাঁচ আসামিকে আদালতে হাজির করা হলে চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’
গত সোমবার বন্দর চত্বরে একটি কনটেইনার খুলে ২ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৫০০ ভারতীয় রুপি জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। ব্যক্তিগত ব্যবহারের পণ্য ঘোষণা দিয়ে দুবাই থেকে ১৬৫ কার্টন পণ্য নিয়ে আসেন চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা শাহেদুজ্জামান। এর মধ্যে চারটি কার্টন থেকে এসব ভারতীয় রুপি জব্দ করা হয়। জব্দ হওয়া মুদ্রাগুলো কাস্টম হাউসের কাস্টডিয়ান শাখায় জমা দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। কাস্টডিয়ান শাখা থেকে মুদ্রাগুলো বাংলাদেশ ব্যাংকে সংরক্ষণের জন্য জমা দেওয়া হবে।