রুমায় ইউপি সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার
বান্দরবানের রুমায় জনসংহতি সমিতির (জেএসএস) উপজেলা শাখার সদস্য ও ইউপি সদস্য শৈহ্লাপ্রু মারমাকে গত বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও নগদ টাকা উদ্ধার করা হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে রুমা বাজাপাড়ার শৈহ্লাপ্রুর বাড়িতে তল্লাশি চালায়। এ সময় তাঁর বাড়ি থেকে একটি স্থানীয়ভাবে নির্মিত ও একটি চীনের তৈরি পিস্তল ও ছয় রাউন্ড গুলি এবং ১ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়। তিনি চাঁদাবাজির সঙ্গে যুক্ত বলে ওসি শরীফুল ইসলাম দাবি করেন।
তবে জেএসএস রুমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মংমংসিং মারমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়রানিমূলকভাবে শৈহ্লাপ্রু মারমাকে গ্রেপ্তার করেছে। শৈহ্লাপ্রু মারমার পরিবারের সদস্যদের বের করে দিয়ে তল্লাশি চালানো হয়। তাই পিস্তল ও গুলি উদ্ধারের ঘটনা বিশ্বাসযোগ্য নয়।
তবে ওসি শরীফুল ইসলাম বাড়ির লোকজনকে বের করে দিয়ে তল্লাশি চালানোর অভিযোগ অস্বীকার করে বলেন, এটি জনসংহতি সমিতির রাজনৈতিক বক্তব্য।