রুমায় কিশোরী ধর্ষণের শিকার, যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের রুমায় এক বম কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষার জন্য গতকাল শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী সালাউদ্দিন বাপ্পি নামের এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করেছেন।
গত বুধ ও বৃহস্পতিবার রুমা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে দুই দিনের বম সম্মেলন ছিল। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরীর ভাষ্যমতে, বম সম্মেলনে যোগ দেওয়ার জন্য সে প্রায় ৪০ কিলোমিটার দূরের সুংচংপাড়া থেকে রুমা সদরে আসে। বুধবার সম্মেলনের ফাঁকে সে রুমা বাজারে যায়। রাতে সে হেঁটে রুমা বাজার থেকে সম্মেলনস্থলে যাচ্ছিল। এ সময় তার পূর্বপরিচিত চাঁদের গাড়ির চালক সালাউদ্দিন বাপ্পি (২৩) ও বাদশা মিয়া (৪৫) সম্মেলনস্থলে পৌঁছে দেওয়ার কথা বলে তাকে গাড়িতে তুলে নেন। পরে তাকে ও সালাউদ্দিনকে প্রায় চার কিলোমিটার দূরে নির্জন সাঙ্গু কলেজ এলাকায় নামিয়ে দিয়ে বাদশা মিয়া গাড়ি নিয়ে চলে যান। সালাউদ্দিন তাকে সড়কের পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। রাত ১২টার দিকে এলাকার লোকজন তাকে উদ্ধার করেন এবং সালাউদ্দিনকে ধরে পুলিশে সোপর্দ করেন।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, পূর্বপরিচয়ের সুযোগ নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।