রুমার দুর্গম সীমান্ত এলাকায় বিস্ফোরণে দুজন আহত
বান্দরবানের রুমা উপজেলায় মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা থেকে গাউর (গয়াল) আনতে গিয়ে বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সেনাবাহিনীর সুংচংপাড়া ক্যাম্পে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখান থেকে তাঁদের গতকাল রোববার রাতে রুমা উপজেলা সদরে নিয়ে আসা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল হক।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, মিয়ানমার সীমান্ত এলাকায় বিস্ফোরণে দুজন আহত হওয়ার ঘটনা তিনি শুনেছেন। তিনি বলেন, যে এলাকায় ঘটনাটি ঘটেছে তা রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কাছে। বিস্ফোরকটি মপ্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হতে পারে।
বিলাইছড়ি উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতোমং মারমা বলেন, যাঁরা গয়াল পালেন তাঁরা সাধারণত বর্ষা মৌসুমে দুর্গম পাহাড়ি এলাকার জঙ্গলে গয়াল ছেড়ে দেন। মিয়ানমার সীমান্ত এলাকায় গত শুক্রবার তিন ব্যক্তি গয়াল আনার জন্য যান। তাঁরা হলেন রুমা সদর ইউনিয়নের অংলেই খুমী, অং নে খুমী ও রোমাক্রি প্রাংসা ইউনিয়নের রেংনাউ ম্রো। গয়াল খোঁজ করার সময় হঠাৎ মাটিতে কিছু একটা বিস্ফোরিত হয়। এতে অংলেই ও রেংনাউ আহত হন।
অংলেই খুমীর এক আত্মীয় বলেন, এলাকাটি নির্জন ও দুর্গম হওয়ায় আহত দুজন সেখানেই পড়ে থাকেন। শনিবার অং নে খুমী রেমাক্রি প্রাংসা ইউনিয়নের কেপচাই ম্রো পাড়ায় এসে দুই ব্যক্তির আহত হওয়ার খবর জানান। পরে পাড়াবাসী তাঁদের উদ্ধার করে নিয়ে আসেন।
সেনাবাহিনীর রুমা জোনের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, সুংচংপাড়া ক্যাম্পে আহত দুজনকে নিয়ে আসা হয়েছিল। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা সদরে পাঠানো হয়েছে।